ফের সরব বিএনপি নেতা মিফতাহ্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে গত অক্টোবরে সংগঠনের পক্ষ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। দলের নেতাদের না জানিয়ে মিছিল করায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছিল দল। প্রায় তিন মাস পর আবারও মিছিল করে সরব হলেন মিফতাহ্ সিদ্দিকী।

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বেলা তিনটার দিকে নগরে মিছিল ও সমাবেশ হয়। এতে নেতৃত্ব দেন মিফতাহ্ সিদ্দিকী। বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন।

দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৫ অক্টোবর এ রকম একটি মিছিল করার পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ওই নোটিশের পরিপ্রেক্ষিতে বলেছিলেন, দলের নেতৃত্বকে না জানিয়ে এ রকম কর্মসূচি পালন সংগঠনবিরোধী। অপর দিকে মিফতাহ্ সিদ্দিকী বলেছিলেন, দলীয় প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ করা দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ হতে পারে না। এ নিয়ে ১৯ অক্টোবর প্রথম আলোয় ‘এক মিছিলেই কারণ দর্শানো’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।

গতকাল খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি’ লেখা ব্যানার নিয়ে মিছিল শুরু হয়। নেতা-কর্মীদের হাতে ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড। মূল ব্যানারে লেখা ছিল ‘বিএনপি-এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ, সিলেট’। নগরের রেজিস্ট্রি মাঠ থেকে মিছিলটি কেন্দ্রস্থলের সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।

এর আগে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান। মহানগর যুবদলের আবদুল আজিজের সঞ্চালনায় মিফতাহ্ সিদ্দিকী ছাড়াও মহানগর বিএনপির উপদেষ্টা সাইদুর রহমান, বাণিজ্যবিষয়ক সম্পাদক আবদুস সত্তার প্রমুখ বক্তব্য দেন। মিফতাহ্ সিদ্দিকী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, জাতীয় নির্বাচনে খালেদা জিয়াকে অযোগ্য ঘোষণা করার চেষ্টা করছে সরকার। খালেদা জিয়া অতীতে কোনো স্বৈরশাসকের সঙ্গে আপস করেননি, ভবিষ্যতেও করবেন না।

২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মহাসচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত সিলেট নগর বিএনপির কাউন্সিলরদের সরাসরি ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মিফতাহ্ সিদ্দিকী। তিন মাস বিরতির পর আবার মিছিল করে সক্রিয় হওয়ার বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার বক্তব্য একটাই—দলের সর্বোচ্চ নেতৃত্ব যেখানে ষড়যন্ত্রের মুখে, সেখানে প্রতিবাদ–প্রতিরোধ যেকোনোভাবেই হতে পারে। গতকালের মিছিল একই কার্যক্রমের অংশ।’