ফের সাইফুর অনুসারীদের হাতে নগর বিএনপির হাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী অনুসারী—এ দুই ভাগে নেতৃত্বকেন্দ্রিক সিলেটে বিএনপির রাজনীতিতে বড় ধরনের পালাবদল ঘটতে চলেছে। জেলার পর এবার নগর বিএনপির হাল ফের সাইফুর অনুসারীদের হাতে চলে গেছে।

নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি মেয়াদোর্ত্তীণ হওয়ায় গত শনিবার কেন্দ্র থেকে ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ২০০৯ সালে নগর বিএনপির আহ্বায়কের দায়িত্বে থাকা শাহরিয়ার হোসেন চৌধুরী আহ্বায়ক ও আগের কমিটির সহসভাপতি বদরুজ্জামান সেলিম হয়েছেন সদস্যসচিব। এ দুজন সিলেটে বিএনপির রাজনীতিতে সাইফুর অনুসারী হিসেবে পরিচিতি। সদ্যবিলুপ্ত নগর কমিটিতে ইলিয়াস অনুসারীদের প্রাধান্য থাকলেও আহ্বায়ক কমিটিতে তাঁদের অনেকেই বাদ পড়েছেন। এ কারণে কমিটি ঘোষণার পরপরই গত শনিবার রাতে নগরে ঝাড়ুমিছিল করেছে বিএনপির একাংশ।

আহ্বায়ক কমিটিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩৩ জনকে সদস্য রাখা হয়েছে। এর মধ্যে ইলিয়াস অনুসারী সাতজন। তাঁদের একজন সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী নতুন আহ্বায়ক কমিটিতে স্থান পেলেও ক্ষুব্ধ।

সদ্যবিলুপ্ত কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব পালনকারী ফরহাদ চৌধুরী ক্ষোভের সঙ্গে বলেন, ‘কেন্দ্রকে ভুল বুঝিয়ে দালাল ও সুবিধাভোগীরা নেতৃত্ব করায়ত্ত করেছে। দলকে পঙ্গু করার স্বার্থে এ কাজটি করেছে একটি চক্র। কালবৈশাখীর ছোবল এলে তাঁদের আর খুঁজে পাওয়া যাবে না।’ ফরহাদ চৌধুরী ছাড়াও ইলিয়াস অনুসারী নেতা সবার মুখে একই সুর। তবে তাঁরা জানিয়েছেন, আপাতত নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। পরে বৈঠক করে তাঁরা করণীয় নির্ধারণ করবেন।

তবে কমিটি নিয়ে ক্ষোভ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে নারাজ নতুন আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী। আগের দফা দায়িত্ব পালন আর ভবিষ্যৎ সাংগঠনিক তৎপরতা নিয়ে বলেন, ‘অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভুলত্রুটি সংশোধন করে দলীয় কার্যক্রম পরিচালনা করব। দ্রুত সময়ের মধ্যেই ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে আমার নেতৃত্বের প্রধান লক্ষ্য।’

দল থেকে জানা যায়, চারদলীয় জোট সরকারের আমলে সিলেটে বিএনপি রাজনীতিতে সাইফুর অনুসারীরা ছিলেন প্রভাবশালী। এক-এগারোর পরিবর্তিত সময়ে সাইফুর অনুসারীরা কোণঠাসা হয়ে পড়লে এম ইলিয়াস অনুসারীরা শক্তিশালী হয়ে ওঠে। ২০০৯ সালের ৯ জুন কেন্দ্র থেকে সাইফুর অনুসারী হিসেবে পরিচিত শাহরিয়ার হোসেন চৌধুরী নগর বিএনপির আহ্বায়ক হলেও পরে ইলিয়াস আলী কেন্দ্র থেকে নতুন কমিটি গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। ওই বছরের ৫ নভেম্বর কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয় প্রবীণ রাজনীতিবিদ এম এ হক ও আবদুল কাইয়ূম জালালীকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে। একই বছর জেলা সম্মেলনে গঠিত জেলা কমিটির সভাপতি হন এম ইলিয়াস আলী।

২০১২ সালের ১৭ এপ্রিল এম ইলিয়াস আলী রাজধানীর বনানী থেকে গাড়িচালকসহ ‘নিখোঁজ’ হওয়ার পর তাঁর অনুসারীরা কোণঠাসা হয়ে পড়েন। গত ১৫ এপ্রিল কেন্দ্র থেকে ইলিয়াসের নেতৃত্বাধীন জেলা কমিটি ভেঙে ১০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীকে সদস্য রাখা হয়। জেলা কমিটির আহ্বায়ক হন সাইফুর অনুসারী নেতা হিসেবে পরিচিত এম নুরুল হক। প্রায় ছয় মাস পর কেন্দ্র একইভাবে নগর কমিটি ভেঙে ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করলে সিলেটে বিএনপির নেতৃত্বে ইলিয়াস অনুসারীরা ফের কোণঠাসা হয়ে পড়েন।

দুই অনুসারীদের নেতৃত্বের পালাবদলের মধ্যে জেলা ও নগর কমিটির দুই দফায় সভাপতি ছিলেন বিএনপির প্রবীণ নেতা এম এ হক। ইলিয়াসবিহীন বিএনপির হাল এখন সাইফুর অনুসারীদের কি না—এমন প্রশ্নে এম এ হক বলেন, ‘নেতৃত্বে বিকাশ ঘটানোর স্বার্থেই আমি দলীয় মহাসচিবকে নতুন কমিটি গঠনের কথা বলেছি। এখন দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া যে কমিটি অনুমোদন করেছেন, সবাই সহযোগিতা করলে দল সফল হবে। দল করতে হলে দলের সফলতা চাইতে হবে।’