ফেসবুক কর্নার
পাচার
হচ্ছে টাকা পাচার
তবু সবাই বসে বসে খাচ্ছে আমের আচার।
পাচ্ছে কোথায় টাকা?
বলতে গেলে নিশ্চিত ভাই জীবন হবে ফাঁকা।
নাচায় কারা ঠ্যাং
ব্যাংকগুলোতে বসে বসে করছে যারা হ্যাং।
বলতে তবু মানা
এ আর এমন নতুন কী ভাই, সবই সবার জানা।
বাঁচার খুঁজি পথ
দুর্নীতিতে জোয়ার এলে আঁধার ভবিষ্যৎ।
খোন্দকার শাহিদুল হক
প্রশ্ন ভয়ংকর
সেদিন ছিল পাশের বাসার আপুর বিয়েবার্ষিকী। আমরা উপহার নিয়ে গেলাম তাদের বাসায়। সেই আপুর ছেলের নাম সাদ। ক্লাস ওয়ানে পড়ে।
সে তার মাকে জিজ্ঞেস করল, ‘মা, এই বাক্সে কী?’
: গিফট।
: গিফট কী?
: বাবা, গিফট মানে উপহার। ইংরেজিতে বলে ‘গিফট’ আর বাংলায় বলে ‘উপহার’।
এরপর সাদের প্রশ্ন, ‘তাহলে অঙ্কে কী বলে?’
শুনে আমরা হেসেই শেষ।
ফাইজুন নাহার
রসিক চালক
বাসে করে আসছি। একসময় এক লোক চালককে বললেন, ‘ভাই, এখানে একটু নামায় দিয়ে যান তো।’ রসিক চালক উত্তর দিলেন, ‘আমি তো ভাই গাড়ি চালাচ্ছি। ওখানে গিয়ে আপনাকে নামাই কীভাবে? ওই যে গেট, বাম পা আগে দিয়ে নেমে যান।’ চালকের রসবোধে পুরো বাসে হাসির রোল পড়ে গেল!
নব ইসলাম