চট্টগ্রামের ফটিকছড়ি সমিতিরহাট ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর ও গোলাগুলি হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সমিতিরহাট বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সমিতিরহাট ইউনিয়নে ছাত্রলীগের দুটি কমিটি রয়েছে। বৃহস্পতিবার সকালে কেন্দ্র ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের পক্ষের মো. আমান সিকদার নামের এক কর্মী তাঁর ফেসবুকে বিদ্রোহী কমিটির সমর্থক মুহাম্মদ তৈয়বকে আক্রমণ করে স্ট্যাটাস দেন। এতে ক্ষিপ্ত হয়ে মুহাম্মদ তৈয়ব বৃহস্পতিবার রাতে সমিতিরহাট বাজারে আমানের ওপর চড়াও হয়ে তাঁকে×মারধর করেন। এ সময় বাজারে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা এসে আমানকে উদ্ধার করেন।
এদিকে আমানকে আটকের খবর পেয়ে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা সমিতিরহাট বাজার এলাকায় বিদ্রোহী পক্ষের মুহাম্মদ ইমন নামের এক কর্মীকে মারধর করেন। এ সময় ইউনিয়ন ছাত্রলীগ ও বিদ্রোহী কমিটির নেতা–কর্মীরা বাজারে জড়ো হলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে ইউনিয়ন যুবলীগের কার্যালয় এবং বাজারে রাখা দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান। তখন বাজারে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশীদ বলেন, সংঘর্ষের ঘটনা শুনে তিনি বাজারে যান। ওখানে তিনি গুলির শব্দ শুনেছেন।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন দাবি করেন, বিদ্রোহী কমিটির নেতা–কর্মীরা কোনো কারণ ছাড়াই তাঁর কর্মী–সমর্থকদের ওপর হামলা করেছেন, গুলি ছুড়েছেন।
ইউনিয়ন ছাত্রলীগের বিদ্রোহী কমিটির সভাপতি সাইফুল ইসলাম গুলি ছোড়া ও হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক ইরফান উদ্দিন বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে গোলাগুলির বিষয়ে কিছু শুনিনি।’