ফেসবুকে উসকানিমূলক পোস্ট, শরীয়তপুরে ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর জেলার মানচিত্র

কুমিল্লার ঘটনায় ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ায় শরীয়তপুরের সদর উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ঢালীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রলীগ সূত্র জানায়, সম্প্রতি কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে শহীদুল ইসলাম ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেন। বিষয়টি ১৪ অক্টোবর ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের নজরে আসে। এরপর দলীয় পদ থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি একজন মুসলমান। কোরআন অবমাননার প্রতিবাদ করব না? আমি প্রতিবাদের আহ্বান জানিয়ে সঠিক কাজটিই করেছি।’

সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুজ্জামান সিকদার বলেন, উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়েছেন। ছাত্রলীগের নেতা হিসেবে তিনি তা করতে পারেন না। বিষয়টি নিয়ে নানা ধরনের অভিযোগ আসতে থাকে। তখন জ্যেষ্ঠ নেতাদের পরামর্শে তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা যাঁরা লালন করেন, তাঁরাই ছাত্রলীগ করেন। ছাত্রলীগের এক নেতা সেটা ভঙ্গ করে অন্যায় করেছেন। সারা দেশে যেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করছেন, সেখানে এক নেতার উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড সবাইকে বিব্রত করে। তাই শহীদুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।