ফেসবুকে খালেদা জিয়ার বক্তব্য সম্প্রচার বিঘ্নিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করেন। তাঁর বক্তব্য দলের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। তবে ৩১ মিনিট ২৯ সেকেন্ডের এই সরাসরি সম্প্রচার ভালো শোনা যায়নি।
খালেদা জিয়ার সংবাদ সম্মেলন বেশির ভাগ দর্শক-শ্রোতা মন্তব্য করছিলেন সরাসরি সম্প্রচার নির্বিঘ্ন করার জন্য। কেউ লিখেছেন, কথা বোঝা যাচ্ছে না। আবার কেউ লিখেছেন, কথা শোনা যাচ্ছে না বা অস্পষ্ট শোনা যাচ্ছে। এ ছাড়া আরও অনেকে খালেদা জিয়ার বক্তব্য সম্প্রচার শুনতে না পারার বিষয়ে মন্তব্য করেন।
এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, বিএনপির গুলশান কার্যালয়ের সব ধরনের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল সরকার। এমনকি টেলিফোন লাইনও বন্ধ করে দেওয়া হয়েছিল, যার কারণে ফেসবুকে সরাসরি সম্প্রচারে বিঘ্ন ঘটেছে। সরাসরি সম্প্রচার নির্বিঘ্ন করতে তাঁরা চেষ্টা করেও পারেননি।