বিএনপি-সমর্থক বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সংগঠন শত নাগরিক কমিটি বলেছে, ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ড সরকারের দায়িত্বহীনতা ও ব্যর্থতার ফল। সরকারের ব্যর্থতার কারণেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।
ফয়সাল আরেফিনকে হত্যা এবং লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে আহমেদুর রশীদ চৌধুরীসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমরা দেখেছি, দেশে একের পর এক হত্যাকাণ্ড ও অঘটন ঘটলেও সরকার প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। এ ছাড়া কোনো অঘটন ও হত্যাকাণ্ডের পরপরই সরকার সব ধরেনের ঘটনার দোষারোপ বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর চাপিয়ে দিয়ে অত্যাচার-নিপীড়ন চালাচ্ছে। ফলে প্রকৃত অপরাধীরা আড়ালে রয়ে যাচ্ছে এবং একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমরা আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। সরকার দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করবে।’
সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ, কবি আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, আনোয়ারউল্লাহ চৌধুরী, আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সাদেক খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ এই বিবৃতি দেন। বিবৃতিতে সই করেছেন কমিটির সদস্যসচিব আবদুল হাই শিকদার।