বকশীগঞ্জ ও দেলদুয়ারে আওয়ামী লীগের ২১ নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী এবং তাঁদের সহায়তা করায় দলটির আরও ১২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই কারণে টাঙ্গাইলের দেলদুয়ারে আওয়ামী লীগের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জে আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত রোববার রাতে উপজেলা আওয়ামী লীগ তাঁদের বহিষ্কার করে। এঁরা হলেন মেরুরচর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান, নিলাক্ষিয়ায় বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, ধানুয়াকামালপুর ইউপিতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম কিবরিয়া, সহসভাপতি আবুল খায়ের, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আলমগীর হাসান, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক সহিদুর রহমান, সদস্য মোক্তার হোসেন, সদস্য মজিবুর রহমান, সদস্য গোলাম মোস্তফা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তছর আলী, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ওই সব নেতারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ছয়জন নেতাকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। এঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আতিয়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ডুবাইল ইউপিতে বিদ্রোহী প্রার্থী আতোয়ার রহমান, দেলদুয়ার সদর ইউপিতে বিদ্রোহী প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের জনস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও আতিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী বাবুলুজ্জামান মোল্লা, দেওলি ইউপিতে বিদ্রোহী প্রার্থী ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া একজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক কৃষ্ণ কান্তি দে সরকারকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার সবার কাছে চিঠি পাঠিয়ে তাঁদের দল থেকে সাময়িক বহিষ্কার করার বিষয়টি জানানো হয়েছে।