বকশীগঞ্জে বিএনপির সভাপতিকে বহিষ্কার, প্রতিবাদে দোকান বন্ধ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়ছে। উপজেলা বিএনপি গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে।
গত বৃহস্পতবিার কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। ওই বহিষ্কারাদেশের প্রতিবাদে গতকাল বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আবদুর রউফ তালুকদার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম প্রভাব খাটিয়ে ও ষড়যন্ত্রমূলকভাবে গঠনতন্ত্র অনুসরণ না করে মনগড়া, স্বৈরতান্ত্রিক উপায়ে সভাপতি পদ থেকে তাঁকে বহিষ্কার করান। তিনি বকশীগঞ্জ বিএনপিকে ধ্বংস করার জন্য পকেট কমিটি গঠনের পাঁয়তারায় লিপ্ত রয়েছেন। ফলে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করারও দাবি জানান তিনি।
এদিকে বকশীগঞ্জ শহরের শতাধিক ব্যবসায়ী আবদুর রউফকে বহিষ্কারের প্রতিবাদে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের দোকানপাট বন্ধ রাখেন।