বকশীবাজারের ঘটনার জন্য বিএনপি দায়ী: আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকশীবাজারে সংঘর্ষের জন্য বিএনপিকে দায়ী করছে আওয়ামী লীগ। দলটির দাবি, বুধবার খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বিএনপি পরিকল্পিতভাবে ওই ঘটনা ঘটিয়েছে।
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর জরুরি বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বৈঠকে দলীয় সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলা ও তাঁর গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। এ কথা জানিয়ে হানিফ বলেন, বিএনপি সন্ত্রাস অব্যাহত রাখলে দেশে এমন অনেক জনগণ আছে, যারা তাদের গাড়িতেও হামলা করতে পারে। তখন এর দায় বিএনপিকেই নিতে হবে।
হামলায় ছাত্রলীগের অংশ নেওয়া প্রসঙ্গে সাংবাদিকেরা প্রশ্ন করলে হানিফ বলেন, ঢাকা মেডিকেল কলেজে ছাত্রলীগের কর্মসূচি ছিল। ছাত্রলীগের ওপর ছাত্রদল আগে হামলা চালিয়েছে। তবে ছাত্রলীগের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয়’ দিবস এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক করা হয়। মাহবুব উল আলম হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দীপু মনি, জাহাঙ্গীর কবির, আ ফ ম বাহাউদ্দিন, ফরিদুন্নাহার লাইলী, আবদুল মতিন খসরু, হাছান মাহমুদ, আব্দুল মান্নান খান, আবদুস সোবহান, মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে সমাবেশ ও মিছিল হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও পরে আনন্দ শোভাযাত্রা হবে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করা হবে।
৫ জানুয়ারি বিএনপির কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘অন্য দল কী কর্মসূচি দিয়েছে, তা আমাদের জানার বিষয় না। ১০ দিন আগে আমরা জনসভার জন্য আবেদন করেছি। আশা করি অনুমতি পাব। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাসী তৎপরতা, জনগণের জান-মাল নষ্ট করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।’
বিএনপিকে জবাব দেওয়া হবে: বিএনপিকে সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া)। তিনি বলেন, ‘রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি, ক্ষমতায় এসেছি। আর রক্ত ঝরিয়েই বিএনপিকে সমুচিত জবাব দেওয়ার সময় এসেছে। আর চুপ করে বসে থাকলে হবে না। রক্তের বিনিময়ে খালেদা-তারেককে সমুচিত জবাব দিতে হবে।’