বক্তব্য দিতে গিয়ে লুটিয়ে পড়লেন সাংসদ সুকুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রতিবাদ সভায় বক্তব্য দিতে দিতে লুটিয়ে পড়লেন সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ঝুমুর সিনেমা হলের সামনে তিনি বক্তব্য দিচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি নিয়ে শ্রীনগরে এম রহমান শপিং কমপ্লেক্সের সামনে সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক গোলাম সারোয়ারের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ ঘটনায় শ্রীনগর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়। ২৬ মার্চের সহিংসতার প্রতিবাদে গতকাল বেলা ১১টায় ঝুমুর সিনেমা হলের সামনে প্রতিবাদ সমাবেশ আহ্বান করেন সাংসদ সুকুমার রঞ্জন। এ সময় বক্তব্য দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, সুকুমার রঞ্জনকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ২৬ মার্চের ঘটনায় উভয় পক্ষই সোমবার রাতে লিখিত অভিযোগ করেছে।
সুকুমার রঞ্জন ঘোষের ব্যক্তিগত সহকারী হলেন কোলাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নেছার উল্লাহ খান। নেছার উল্লাহ শ্রীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকও। গতকাল সন্ধ্যায় তিনি বলেন, হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন সাংসদ।
নেছার উল্লাহ বলেন, প্রতিবাদ সমাবেশে প্রচুর লোকের সমাবেশ ঘটে। ভিড়ের কারণে সাংসদ মঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারেননি। তাই গাড়ির ছাদ খুলে গরম ও রোদের মধ্যেই প্রায় ৪০ মিনিট মাইকে ভাষণ দিচ্ছিলেন তিনি। একপর্যায়ে গাড়িতে পড়ে যান তিনি।
গোলাম সারোয়ারের অনুসারী জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মশিউর রহমান অভিযোগ করেন, প্রতিবাদ সমাবেশের আগে তাঁর মালিকানাধীন এম রহমান শপিং কমপ্লেক্সে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে মার্কেটের কয়েকটি কাচ ভেঙে যায়। তবে নেছার উল্লাহ বলেন, লাইমলাইটে যাওয়ার জন্য নাটক সাজানো হয়েছে।