বক্তব্য প্রত্যাহার না করলে প্রতিহত করার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিরুদ্ধে জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাতের বক্তব্য প্রত্যাহার না করলে সিলেটে তাঁকে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে নগর যুবলীগ। গতকাল দুপুরে নগরে মিছিল শেষে প্রতিবাদ সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।

নগরের আম্বরখানা দর্শন দেউড়ি থেকে গতকাল দুপুর সাড়ে ১২টায় যুবলীগের মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য হোসেন মো. রবিন, মাসুম বিল্লাহ, হুমায়ুন রশিদ, শ্যামল সিংহ, বিপ্লব পুরকায়স্থ, গিয়াস উদ্দিন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আবুল মাল আবদুল মুহিত সৎ, নির্মোহ একজন প্রবীণ রাজনীতিবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ। জনতা ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ না বাড়ানোর ক্ষোভে আবুল বারকাতের বক্তব্য সম্পূর্ণ অবমাননাকর। এ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা না করলে সিলেটে তাঁকে প্রতিহত করা হবে।

নগর যুবলীগের আহ্বায়ক প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের শিষ্টাচারবহির্ভূত বক্তব্য শুধু দলে নয়, পুরো জাতি ক্ষুব্ধ। সিলেটবাসী হিসেবে আমরা আমাদের নেতা সম্পর্কে সবচেয়ে বেশি জানি। ক্ষমতায় থেকে সৎ ও নির্মোহ রাজনীতিবিদের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য প্রত্যাহারে আমরা অন্তত এক সপ্তাহ পর্যবেক্ষণ করব। এর মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে তাঁকে প্রতিহতকরার ঘোষণাও দেওয়া হবে।’