বক্তব্য শুনলে মনে হয় অস্ত্র আ.লীগের তহবিলে কেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবীর রিজভী। ফাইল ছবি
রুহুল কবীর রিজভী। ফাইল ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বক্তব্য শুনলে মনে হয় যেন তাঁদের অস্ত্র আওয়ামী লীগের তহবিল থেকে কেনা। আজ সোমবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
র‌্যাবের নবনিযুক্ত মহাপরিচালক বেনজীর আহমেদ গতকাল রোববার খুলনায় র‌্যাব-৬-এর কার্যালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, একটি বিশেষ মহল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এনে সেটিকে ‘সস্তা প্রচার’ হিসেবে কাজে লাগাচ্ছে। অপরাধ দমন করতেই সরকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র দিয়েছে, ‘হা-ডু-ডু খেলার’ জন্য নয়।
আজ বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আবদুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে বেনজীর আহমেদের ওই বক্তব্যের সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে এখন বর্বর, নিপীড়ক, দমনপীড়ন, হত্যা, গুম, খুন ও যৌথ বাহিনীর নিষ্ঠুর অপারেশনের প্রতিষ্ঠান, তা আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা যথার্থভাবেই সকলকে টের পাওয়াচ্ছেন। একেকদিন একেকজন কর্মকর্তার বক্তব্য শুনলে মনে হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র যেন আওয়ামী লীগের তহবিল থেকে কেনা। সুতরাং এই অস্ত্র ব্যবহারে কোনো জবাবদিহিতার দরকার নেই বলে তারা মনে করে। কারণ আওয়ামী লীগপন্থী আইন প্রয়োগকারী সংস্থার প্রধানরা ছাড়পত্র দিয়েছেন তাদের জোয়ানদের। অস্ত্র গোলাবারুদ কেন অকেজো করে রাখা হয়েছে। এ ব্যাপারে উষ্মা প্রকাশ করেছেন র‌্যাবের ডিজি। কেন অস্ত্রশস্ত্র খেলার উপকরণ হিসেবে ফেলে রাখা হয়েছে। কেন যথাযথ ব্যবহার করা হচ্ছে না।’

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে র‌্যাব মহাপরিচালকের বক্তব্য প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, ‘তাহলে খিলগাঁও ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে কোন বিচারের আওতায় প্রাণদণ্ড দেওয়া হয়েছে? কোন আদালতের রায়ে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর স্বামীকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়? সপ্তাহ খানেক আগে দলের চারজন কর্মীকে ধরে নিয়ে গিয়ে টার্গেট হত্যা করা হয় কোন বিচারে?’
রিজভী আহমেদ প্রশ্ন রেখে বলেন, ‘এগুলো যদি বিচারবহির্ভূত হত্যা না হয় তাহলে এগুলো কোন বিচারের অন্তর্ভুক্ত হত্যা?’
বিএনপির যুগ্ম মহাসচিব দাবি করেন, পেট্রলবোমা মেরে মানুষকে দগ্ধ করার বিরামহীন দৃশ্য দেখানো হচ্ছে টেলিভিশনে। বিএনপি জোটের আন্দোলনের বিরুদ্ধে বার্ন ইউনিটের অমানবিক দৃশ্যকে কেন্দ্র করে হাইপার প্রচারাভিযান চালানো হচ্ছে। কয়েক দিন ধরেই জনশ্রুতি ছিল, সরকার নিজেই একটা বড় ধরনের নাশকতা করবে, যাতে পুরো দায়টা বিরোধী দলের ওপর চাপানো যায়। বিদেশ থেকে পরিচালিত একটি পোর্টালে এই সংবাদ প্রকাশিত হয়েছে।