বক্তব্য শুনে মনে হয় রাস্তাঘাট ঝাঁ চকচকে: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশের সড়ক-মহাসড়কগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। অথচ যোগাযোগমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয় সব রাস্তাঘাট ‘ঝাঁ চকচকে মসৃণ’।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী এই অভিযোগ করেন।
রিজভী অভিযোগ করেন, ঈদের আগে দেশের সর্বত্র তথা হাট, ঘাট, বন্দর, নগর, মহানগর, সড়ক-মহাসড়কে চলছে পুলিশ ও সরকারি ক্যাডারদের চাঁদাবাজির বর্ণাঢ্য মহোত্সব।
বিএনপির এই নেতা বলেন, ‘সড়ক-মহাসড়কগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। বাড়িমুখো মানুষের ঢল গাড়িতে করে এসব ভাঙাচোরা, খানাখন্দ ও গর্তে ভরা রাস্তা অতিক্রম করে যখন বাড়িতে ফেরে, তখন ঈদের আনন্দ বলে কিছু থাকে না। সন্তানসন্ততি নিয়ে এই অবর্ণনীয় কষ্টই তাদের সব আনন্দ মাটি করে দেয়। অথচ এই বেহাল রাস্তায় মানুষের দুর্ভোগের প্রতি দায়িত্বরত মন্ত্রী যেন একেবারেই ভ্রুক্ষেপহীন থাকছেন। রাস্তাঘাটের উন্নয়নের বুলি শুধু মিডিয়াতেই আমরা জানতে পারি সংশ্লিষ্ট মন্ত্রীর মুখ দিয়ে।’
রিজভী বলেন, ‘দেশের মানুষ ও দেশকে নরকের মধ্যে ঠেলে দিয়ে সম্রাট নিরোর মতো বাঁশি বাজাচ্ছেন বাংলাদেশের একচ্ছত্র নিরঙ্কুশ এবং একক ক্ষমতার অধিকারী স্বয়ং প্রধানমন্ত্রী। চারদিকের ভয়ংকর অরাজকতার মধ্যে প্রধানমন্ত্রী ফুরফুরে মেজাজে শুধু বিরোধী দলের ওপরই আক্রমণ চালিয়ে যাচ্ছেন।’