বখাটেদের ঠেকাতে রাস্তায় ছাত্রলীগের দেয়াল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ইটের গাঁথুনি দিয়ে আটকে দেওয়া হয়েছে একটি রাস্তা l ছবি: প্রথম আলো
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ইটের গাঁথুনি দিয়ে আটকে দেওয়া হয়েছে একটি রাস্তা l ছবি: প্রথম আলো

বখাটেদের উৎপাত রোধে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের একটি রাস্তায় আড়াআড়ি প্রায় দুই ফুট উঁচু দেয়াল নির্মাণ করেছে ছাত্রলীগ। সেই দেয়ালে আটকে যাচ্ছে হাসপাতালের জরুরি বিভাগে আসা রোগীদের বহনকারী কিছু গাড়ি। তাদের প্রায় আধা কিলোমিটার ঘুরে জরুরি বিভাগে যেতে হচ্ছে। এতে ভীষণ ভোগান্তি পোহাচ্ছেন সবাই।
গত বুধবার রাতে শ্রমিকদের এনে এই দেয়াল নির্মাণ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেয়ালটি নির্মাণ করা হয় বলে পরিচালক জানিয়েছেন।
বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দার সঙ্গে সংযুক্ত এই রাস্তাটি শহর ও সদর উপজেলার উত্তর অংশের রোগীদের হাসপাতালের জরুরি বিভাগে সহজে আনা-নেওয়ার জন্য বেশি ব্যবহৃত হয়। এখন এই রোগীদের বহনকারী অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়িকে বান্দরোড ঘুরে মূল ফটক দিয়ে জরুরি বিভাগে যেতে হয়। এতে প্রায় আধা কিলোমিটার বেশি পথ ঘুরতে হয়।
বেসরকারি অ্যাম্বুলেন্সচালক ইসমাইল হোসেন বলেন, বান্দরোড ঘুরে জরুরি বিভাগে যেতে ১০-১৫ মিনিট সময় বেশি লাগে। তা ছাড়া বান্দরোড ব্যস্ততম হওয়ায় প্রায়ই এখানে যানজট লেগে থাকে। এতে আরও বেশি সময় লাগে। তাতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন গুরুতর রোগীরা।
মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বুধবার গভীর রাতে কয়েকজন নির্মাণশ্রমিক এনে এই দেয়াল নির্মাণ করান। এতে নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রলীগের কর্মী ও শেষ বর্ষের ছাত্র মো. ফোরকান সিকদার। বর্তমানে কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই।
ওই শিক্ষার্থীরা বলেন, রাস্তার মাঝে এভাবে আড়াআড়ি দেয়াল নির্মাণ করায় রোগীদের পাশাপাশি মেডিকেল কলেজ ও বিএসসি নার্সিং কলেজের শিক্ষার্থী, স্টাফ কোয়ার্টারের বাসিন্দাদের যাতায়াতেও সমস্যা হচ্ছে। অবশ্য দেয়াল নির্মাণের বিষয়টি ইতিমধ্যে জানাজানি হওয়ায় গাড়িচালকেরা এই পথে এখন আর যান না।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, কলেজের ছাত্রী হোস্টেলের রাস্তার মুখে ও হাসপাতালের বিদ্যুৎ অফিসের সামনে ইট দিয়ে প্রায় দুই ফুট উঁচু দেয়াল তোলা হয়েছে। এতে করে দেয়ালের এক পাশ থেকে আরেক পাশে গাড়ি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
কলেজের কয়েকজন সাধারণ শিক্ষার্থী বলেন, রাস্তায় এভাবে দেয়াল তুলে দেওয়ায় এখানে বখাটেদের আনাগোনা আরও বাড়বে। কারণ, রাতে এই রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দেন। ওই দেয়ালের কারণে এখন আর এখানে কোনো গাড়ি চলতে পারবে না। ফলে পুরো এলাকা নজরদারির বাইরে চলে যাবে।
ছাত্রলীগের কর্মী ফোরকান সিকদার বলেন, গত মঙ্গলবার রাতে তাঁদের এক সহপাঠীকে উত্ত্যক্ত করে কয়েকজন বখাটে। বখাটেদের মধ্যে ইলু নামের একজনকে ধরে পুলিশে দেওয়া হয়েছে। মোটরসাইকেলে করে বখাটেরা প্রতিদিন এখানে এসে ছাত্রীদের নানাভাবে হয়রানি ও ছিনতাই করে। বখাটেরা যাতে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে না পারে, সে জন্য কলেজের ছাত্রী হোস্টেলের রাস্তার মুখে দেয়াল তুলে দেওয়া হয়েছে।
হাসপাতালের পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান বলেন, এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তায় দেয়াল তুলে দেওয়ায় রোগীসহ সবার ভোগান্তি হচ্ছে। নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে গতকাল দুপুরে নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কলেজের অধ্যক্ষকে নিয়ে বৈঠক হয়েছে। দু-এক দিনের মধ্যে দেয়াল অপসারণ করা হবে। হাসপাতাল প্রশাসনের কোনো অনুমতি না নিয়েই এ দেয়াল নির্মাণ করা হয়েছে।