বগুড়ায় আ.লীগ ও বিএনপির কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও গুলির গুজবে গতকাল বুধবার বগুড়া শহরে ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুর হয়েছে। ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ১২ জন আহত হয়েছেন।

আটক করা হয়েছে জেলা যুবদলের সভাপতিসহ ১২ জনকে। জেলা বিএনপি আজ বৃহস্পতিবার জেলায় আধা বেলা হরতাল আহ্বান করেছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দলীয় সূত্র জানায়, বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে গতকাল জেলা বিএনপি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ‘দেশনায়ক উৎসবের’ আয়োজন করে। অনেক নেতা-কর্মী ওই আয়োজনে যোগ দেন। দুপুরের দিকে নেতা-কর্মীদের মধ্যে গুজব রটে যে বেসরকারি একটি টেলিভিশনে বলা হচ্ছে, ঢাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও গুলি হয়েছে। সঙ্গে সঙ্গে নেতা-কর্মীরা শহরে প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শহরের সাতমাথা অতিক্রম করে থানা মোড় পার না হতেই সাতমাথায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন, গাবতলী উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাফরু পাইকার, শাহজাহানপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ও আওয়ামী লীগের কর্মী বাদল কাজী এবং মজনু রহমানসহ অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে উল্লিখিত ছয়জনকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। ককটেল বিস্ফোরণে অজ্ঞাতনামা একজন রিকশাচালক এবং প্রতিবন্ধী এক পথচারীও জখম হন।

এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা টেম্পল সড়কে শহর বিএনপির কার্যালয় এবং জেলা শ্রমিক দলের কার্যালয়ে ভাঙচুর চালান। শহরের নওয়াববাড়ি সড়কের জেলা বিএনপির কার্যালয়েও হামলার চেষ্টা হয়। তবে পুলিশ এতে বাধা দেয়। পুলিশ পরে ওই কার্যালয়ে অভিযান চালিয়ে জেলা যুবদলের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ারসহ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। বেলা আড়াইটা থেকে ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি এসব হামলা ও আটকের ঘটনা ঘটে।

জেলা আ. লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, বিএনপি আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়। নিজেরাই দলীয় কার্যালয় ভাঙচুর করে আ. লীগের ওপর দোষ চাপাতে চাইছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দাবি করেন, ‘টেলিভিশনে ম্যাডামের (খালেদা জিয়া) ওপর হামলার খবর শুনেই নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ককটেলের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা নেই। তার পরও পুলিশ শহরজুড়ে গণগ্রেপ্তার চালিয়েছে।’ তিনি জানান, দলীয় চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও বগুড়া কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ছয়টা থেকে অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে। বন্যাদুর্গত এলাকা এর বাইরে থাকবে।

বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা যুবদলের সভাপতিসহ ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আলাদা দুটি মামলার প্রস্তুতি চলছে।