বগুড়ায় কাল বিএনপির আধা বেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আগামীকাল বৃহস্পতিবার আধা বেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি। রাজধানীতে চেয়ারপারসনের গাড়িবহরে হামলা, বগুড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে তাণ্ডব ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল ভোর ছয়টা থেকে আধা বেলার এ হরতাল আহ্বান করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ‘দেশনায়ক উত্সব’-এর আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা নজরুল ইসলাম। সমাবেশের পর কিছু নেতা-কর্মী শহরের নওয়াব বাড়ি সড়কের অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান নেন। রাজধানীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও গুলিবর্ষণ হয়েছে—দুপুরে এমন গুজব ছড়ালে তাত্ক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি সাতমাথা মোড় অতিক্রম করার কিছুক্ষণ পরই সেখানে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ককটেল হামলা চালানো হয়।

হামলায় শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খানসহ সাতজন নেতা-কর্মী আহত হন। এঁদের মধ্যে পাঁচজনকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এ ছাড়া ককটেলের স্প্লিন্টারের আঘাতে অজ্ঞাতনামা এক রিকশাচালক ও প্রতিবন্ধী এক পথচারী আহত হয়েছেন।

এ ঘটনার পর আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা শহরের টেম্পল সড়কে শহর বিএনপির কার্যালয় ও জেলা শ্রমিক দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ ছাড়া নওয়াববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়েও হামলার চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়। পরে জেলা বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন,  ‘বিএনপি ইস্যু না পেয়ে ও বগুড়াকে অশান্ত করতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলা চালিয়েছে। হামলার পরও আওয়ামী লীগ ধৈর্য ধারণ করেছে বলে দাবি করেন তিনি। তিনি দাবি করেন, ‘বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে নিজেরা দলীয় কার্যালয় ভাঙচুর করে আওয়ামী লীগের উপর দোষ চাপাতে চাইছে। বগুড়াবাসী যখন বন্যায় সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছে, তখন বিএনপি হরতাল দিয়ে দুর্গত এলাকার মানুষের সঙ্গে তামাশা করছে।’

এদিকে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দাবি করেন, টেলিভিশনে হামলার খবর শুনে নেতা-কর্মীরা তাত্ক্ষণিক ওই মিছিল বের করে। মিছিল শেষ হওয়ার পর সাতমাথায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। তা সত্ত্বেও পুলিশ শহরজুড়ে গণগ্রেপ্তার চালিয়েছে। বাধ্য হয়ে ২০-দলীয় জোট জরুরি বৈঠক করে হরতালের সিদ্ধান্ত নিয়েছে।

বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক সন্ধ্যায় প্রথম আলোকে জানান, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বেশকিছু নেতা-কর্মী দাঁড়িয়ে ছিলেন। দুর্বৃত্তরা ওপর থেকে পরপর  কয়েকটি ককটেল ছোড়ে। এর মধ্যে তিনটির বিস্ফোরণ হলেও দুটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা যুবদলের সভাপতিসহ ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আলাদা দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।