বগুড়ায় কালও হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহা কাটার গ্যাসপাইপ দিয়ে লাইন কেটে ও প্যান্ডেল ক্লিপ খুলে রেলে নাশকতার চেষ্টা, গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্য দিয়ে বগুড়ায় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের রোববারের হরতাল পালিত হয়েছে। প্রথম দফায় সোমবার সকাল ছয়টা পর্যন্ত এ হরতাল ডাকা হলেও তা মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের খোঁজে বাসায় পুলিশি তল্লাশি এবং গত কয়েক দিনে ৭৫ নেতা-কর্মীকে বিনা কারণে গ্রেপ্তারের প্রতিবাদে ২০-দলীয় জোটের পক্ষ থেকে দ্বিতীয় দফায় আরও ২৪ ঘণ্টা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রথম আলোকে এ কথা জানান।
এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বগুড়ার নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রথম দফায় ২৪ ঘণ্টার হরতালের ডাক দেওয়া হয়। বগুড়া জেলাজুড়ে এ হরতালের ডাক দেওয়া হলেও কার্যত রংপুর বিভাগের আট এবং রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট ও নওগাঁর সঙ্গে গোটা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রেললাইন কেটে নাশকতার চেষ্টা
এদিকে হরতালের আগের দিন শনিবার রাতে রেললাইন কেটে ও প্যান্ডেল খুলে রেলে নাশকতার চেষ্টা চালানো হয়। রেলওয়ের জিআরপি পুলিশের বগুড়া স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল কুমার প্রথম আলোকে বলেন, হরতাল-সমর্থকেরা রেলে নাশকতা চালাতে শনিবার রাতে সান্তাহার-লালমনিরহাট রেলপথের বগুড়া সদরের ছাতিয়ানতলা এলাকায় রেললাইনের কয়েক ফুট অংশ লোহা কাটার গ্যাসপাইপ দিয়ে কেটে ফেলে। এ ছাড়া একই এলাকায় রেললাইনের পাঁচ শতাধিক প্যান্ডেল ক্লিপ খুলে ফেলে। খবর পেয়ে সকালের দিকে রেলওয়ের প্রকৌশল বিভাগ (পথ) দ্রুত রেললাইন মেরামত করলে সকালে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে বগুড়া-নন্দীগ্রাম সড়কে একটি প্রাইভেট কারে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। এতে জাসদ-ছাত্রলীগের নন্দীগ্রাম উপজেলা শাখার সাবেক সভাপতি জিয়াউল হক আহত হন।
আজ সকাল থেকেই শহরজুড়ে তৎপর ছিল পিকেটারেরা। বেশ কটি স্থানে বিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সকালের দিকে শহরের পিটিআই মোড় ও কলোনি এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার প্রথম আলোকে জানান, বেলা ১১টার দিকে হরতাল-সমর্থকেরা শহরের পিটিআই মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পিকেটিং করার চেষ্টা করে। পুলিশ এ সময় দুটি ফাঁকা গুলি ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। সাড়ে ১১টার দিকে শহরের কলোনি এলাকায় তিনটি ককটেল ফাটিয়ে পিকেটিংয়ের চেষ্টা করে হরতালকারীরা। পুলিশ চারটি গুলি ছুড়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি স্থানেই হরতালকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
দিনভর জেলা শহরে রিকশা ছাড়া অন্য কোনো বাহন চলেনি। তবে মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচল করেছে। এদিকে সন্ধ্যায় শহরের সূত্রাপুর এলাকায় জেলা বিএনপির সভাপতির বাসায় তল্লাশি চালানো হয়েছে বলে জেলা বিএনপি দাবি করেছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান জানান, রোববার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত জেলায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির সভাপতির বাসায় নাশকতার মামলার আসামি আত্মগোপন করে আছেন, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে থাকতে পারে।’