রাজনৈতিক দলগুলোর ডাকা হরতাল-অবরোধ না মানার ঘোষণায় সাড়া দেননি বগুড়ার সাধারণ ব্যবসায়ীরা। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা হরতাল-অবরোধে দোকান খোলার ঘোষণা দিলেও গতকাল সোমবার নিউমার্কেটসহ শহরের সিংহভাগ ব্যবসাপ্রতিষ্ঠান ছিল বন্ধ।
সাধারণ ব্যবসায়ীরা বলেছেন, তাঁদের সঙ্গে আলাপ না করেই আওয়ামী লীগ-সমর্থিত ব্যবসায়ী নেতারা হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার পর ব্যবসায়ীরা বিভক্ত হয়ে যান। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ব্যবসায়ীরা দোকান খোলেননি।
গত রোববার বগুড়া শহরের সাতমাথায় ব্যবসায়ীদের ১৬টি সংগঠনের সদস্যরা মানববন্ধন ও সমাবেশ করে হরতাল-অবরোধে দোকান খোলা রাখার ঘোষণা দেন। বাধা এলে লাঠি-বাঁশি হাতে প্রতিরোধেরও ঘোষণা দেওয়া হয়।
গতকাল দুপুরে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ বিপণিবিতানের প্রধান ফটকে তালা ঝুলছে। জলেশ্বরীতলা এলাকার অর্ধশত দোকানের মধ্যে প্রায় সবগুলোই বন্ধ। তালা ঝুলতে দেখা গেছে শরিফ উদ্দিন সুপার মার্কেট, আল আমিন কমপ্লেক্স ও টিএমএসএস মহিলা মার্কেটের প্রধান ফটকেও।
বগুড়া নিউমার্কেট ও আশপাশের বিপণিবিতানে ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় এক হাজার। এসব বিপণিবিতানের প্রায় সবগুলোর প্রধান ফটক ছিল তালাবদ্ধ। নিউমার্কেটের পশ্চিম, উত্তর ও পূর্ব ফটকে তালা ঝুলতে দেখা গেছে। তবে পুকুরপাড় নিউমার্কেট, বাবু মিয়া নিউমার্কেট, হেলাল মার্কেট, বড় মসজিদ লেন ও গালাপট্রিসহ কয়েকটি বিপণিবিতানে বিচ্ছিন্নভাবে কিছু দোকান খোলা ছিল। কোনো কোনো দোকানের শাটার ছিল আধাআধি খোলা।
পুকুরপাড় নিউমার্কেটে শতাধিক দোকানের মধ্যে মাত্র ১০-১২টি খোলা ছিল। তবে এর প্রধান ফটক বন্ধ থাকায় এসব দোকান ছিল ক্রেতাশূন্য। পুকুরপাড় মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, রোববারও এখানকার অর্ধেক দোকান খোলা ছিল। কিন্তু হরতাল প্রতিহতের ঘোষণা দেওয়ায় ব্যবসায়ীরা বিভক্ত হয়ে পড়েছেন। তাই তাঁরা দোকান খোলেননি।
রোববারের সমাবেশ থেকে দোকান খোলা রাখার ঘোষণা দিয়েছিল নিউমার্কেট মার্চেন্ট অ্যাসোসিয়েশন। কিন্তু গতকাল ওই সংগঠনের নেতাদেরই ব্যবসাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। এ ব্যাপারে নিউমার্কেট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিম সরকার বলেন, হরতালের প্রতিবাদ জানাতে চেম্বার অব কমার্সের আহ্বানে তাঁরা রোববার সমাবেশে গিয়েছিলেন। সেখানে হরতালে দোকান খোলা রাখা কিংবা প্রতিহতের ঘোষণার কথা ব্যবসায়ীদের আগে জানানো হয়নি। তাই এ ঘোষণায় সাধারণ ব্যবসায়ীরা বিব্রত।
বগুড়ার বৃহত্তর নিউমার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, ৪২টি বিপণিবিতানের ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে গঠিত বৃহত্তর নিউমার্কেট দোকান মালিক সমিতি। রোববারের সমাবেশ ডেকেছিলেন আওয়ামীপন্থী ব্যবসায়ীরা। তাই ওই সমাবেশে যোগ দেননি মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা। তাঁদের সঙ্গে আলোচনা না করেই হরতালে দোকান খোলার ঘোষণা দেওয়া হয়। তিনি বলেন, প্রতিটি দোকানে কোটি টাকার মালামাল রয়েছে। নাশকতা হলে ব্যবসায়ীদের পথে বসতে হবে। তাই কোনো সাধারণ ব্যবসায়ী হরতালে দোকান খোলার ঘোষণায় সাড়া দেননি।
জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির একজন শীর্ষ নেতা বলেন, চেম্বারের কথায় ব্যবসায়ীদের পক্ষে দোকান খোলা সম্ভব নয়। দোকান খোলার ঘোষণা দিতে হলে সরকারকে আগে ব্যবসায়ীদের জানমালের ক্ষতিপূরণের ঘোষণা দিতে হবে। কারও কথায় ব্যবসায়ীরা আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না।
জানতে চাইলে মুদ্রণশিল্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান দাবি করেন, সব ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেই হরতালে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু শহরের অধিকাংশ ব্যবসায়ী বিএনপি-জামায়াতপন্থী হওয়ায় কেউ তাতে সাড়া দেননি।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি এনামুল হক দাবি করেন, রোববার রাতে চেম্বার ভবন লক্ষ্য করে হাতবোমা হামলা চালানো হয়। দোকানপাটে নাশকতা ও লুটপাট চালানোর ভয়ভীতি দেখানো হয় সাধারণ ব্যবসায়ীদের। তাই ব্যবসায়ীরা আতঙ্কে দোকান খোলেননি।