বগুড়ায় যেকোনো মূল্যে সমাবেশ করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া
বগুড়া

বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল থেকে পুলিশ ও ম্যাজিস্ট্রেট মাঠটি ঘিরে রেখেছে। আজ সোমবার বিকেল তিনটার দিকে সেখানে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যেকোনো মূল্যে আজকের গণতন্ত্র হত্যা দিবসে বিএনপির সমাবেশ হবে।’
জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, ১৪৪ ধারা ভঙ্গ করে কেউ যাতে সভা-সমাবেশ করতে না পারে, এ জন্য পুলিশ মাঠে অবস্থান নিয়েছে। গত শনিবার রাতে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত ) মো. খোরশেদ আলম মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেন। পরদিন রোববার জেলা বিএনপির জরুরি বৈঠক থেকে যেকোনো মূল্যে আজকের পূর্বনির্ধারিত গণতন্ত্র হত্যা দিবসের সমাবেশ সফল করার ঘোষণা দেওয়া হয়। বিএনপির ওই সমাবেশের ঘোষণার পর সকাল সাতটা থেকে দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ মাঠে অবস্থান নেয়।
শহর আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ১৪৪ ধারা জারির কারণে তাঁরা গণতন্ত্র রক্ষা দিবসের পূর্বঘোষিত সমাবেশ কর্মসূচি বাতিল করে শুধু আনন্দ মিছিল করবে।

৫ জানুয়ারি বিএনপির ভাষায় ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কয়েক দিন আগে আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ করার ঘোষণা দেয় জেলা বিএনপি। ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ অভিহিত করে একই দিন একই জায়গায় পাল্টা সমাবেশ ডাকে বগুড়া শহর আওয়ামী লীগ।