বগুড়ায় শনিবার হরতাল
বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতার মুক্তি এবং যুবদলের এক নেতার ওপর সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আগামী শনিবার বগুড়ায় আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।
আজ বুধবার রাত আটটায় বগুড়া শহরের নওয়াব বাড়ি সড়কের দলীয় কার্যালয়ে এক জরুরি সভা শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। একই সঙ্গে ২৩ ডিসেম্বরের মধ্যে কারাবন্দী নেতাদের মুক্তি না দিলে ২৪ ডিসেম্বর থেকে ‘বগুড়া অচল’ কর্মসূচির ঘোষণা দেন তিনি।
শনিবারের হরতাল কর্মসূচির কথা নিশ্চিত করে সাইফুল ইসলাম বলেন, আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার জেলা শহরে ও শুক্রবার ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ করা হবে। ২৩ ডিসেম্বরের মধ্যে তাঁদের মুক্তি না দেওয়া হলে পরদিন থেকে ‘বগুড়া অচল’ কর্মসূচি দেওয়া হবে।
জেলা বিএনপির চার থেকে পাঁচজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গত ৩ সেপ্টেম্বর ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। এ মামলায় জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ ২৫ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।
গত ১৩ নভেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নেন জেলা বিএনপির সভাপতিসহ সহযোগী সংগঠনের সাত নেতা। পরে ১১ ডিসেম্বর বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজিরা দিতে গেলে বিচারক ফেরদৌস ওয়াহিদ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের জামিন মঞ্জুর করলেও বাকি পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁদের মধ্যে রয়েছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহ মো. মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম, ছাত্রদলের সহসভাপতি হাসানুজ্জামান পলাশ ও জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু জাকির মো. মিঠু।
এ দিকে আজ বুধবার আদালতে ওই পাঁচজনের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পরে সন্ধ্যায় জেলা বিএনপির জরুরি সভা ডাকা হয়।