বগুড়ার উন্নয়নের দাবিতে মুখর আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সরকারের একাধিক মন্ত্রী, প্রভাবশালী নেতা ও সাংসদেরা বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা, বিশ্ববিদ্যালয় স্থাপন ও বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি রেলপথ নির্মাণসহ বিভিন্ন দাবি জানিয়েছেন।
দলের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ বছর পর বগুড়া জেলা আওয়ামী লীগের এই সম্মেলনের আয়োজন করা হয়। শহরের সাতমাথাসংলগ্ন জিলা স্কুলমাঠের এই সম্মেলন ঘিরে সকাল থেকেই বগুড়া উৎসবের শহরে পরিণত হয়।
দুপুরে সম্মেলন মাঠে আসেন কেন্দ্রীয় নেতারা। এরপর একে একে অতিথিদের বক্তব্য শুরু হয়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার দাবি তুলে বলেন, বগুড়া উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। সংযত কারণেই সাংগঠনিকভাবে এখানে আওয়ামী লীগকে শক্তিশালী হতে হলে উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করতে হবে।
সাংসদ আবদুল মান্নান বলেন, উন্নয়ন দিয়ে বিএনপির দুর্গে আওয়ামী লীগকে আঘাত হানতে হবে। বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন ও সিরাজগঞ্জের সঙ্গে বগুড়ার সরাসরি রেলপথ নির্মাণ এখন বগুড়াবাসীর গণদাবি।
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপি ভোট নিয়েও বগুড়াবাসীর এই প্রাণের দাবি পূরণ করেনি। তাই জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল দাবি, বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার মাধ্যমে বিএনপির প্রতারণার জবাব দেওয়া হোক।’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তব্যে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণাসহ তিন দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। তিনি বলেন, ‘আমরা সবাই নেত্রীর কাছে এসব দাবির কথা তুলে ধরব।’
সন্ধ্যায় জিলা স্কুলের আমিনুল হক দুলাল মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়। রাত আটটায় প্রতিবেদন লেখার সময়ও অধিবেশন চলছিল।
বিএনপির হামলা: সম্মেলন থেকে সারিয়াকান্দিতে ফেরার পথে গতকাল বিকেলে গাবতলী উপজেলা সদরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী দাবি করেছেন, সম্মেলন থেকে ফেরার সময় সাতটি বাসে হামলা ও ভাঙচুর করেছেন বিএনপি নেতা-কর্মীরা। এতে ১৩ জন আহত হয়েছেন। গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিলটন অভিযোগ অস্বীকার করেছেন।