বগুড়ায় আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আজ মঙ্গলবার প্রায় কাছাকাছি সময়ে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে জেলা আওয়ামী লীগ ও বিএনপি।
আওয়ামী লীগ সকাল ১০টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে সমাবেশ করবে। আর বিএনপি সেখান থেকে মাত্র ২০০ গজ দূরে শহরের নওয়াববাড়ী সড়কের দলীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টায় ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে সাতমাথায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আজকের সমাবেশের ঘোষণা দেন। অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেছেন, আজ সকালে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে প্রশাসনের কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নেওয়া হয়েছে।
তবে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, শহরের কোথাও সমাবেশ করার বিষয়ে কোনো দলই পুলিশের অনুমতি চায়নি।
দলীয় সূত্র ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি গত বছর ৫ জানুয়ারি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে একই স্থানে পাল্টা কর্মসূচি দেওয়া হলে সংঘাত এড়াতে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, আজ কোনো সংঘাতময় পরিস্থিতি নয়, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চায় বিএনপি। তিনি বলেন, দুই বছর আগে ঠিক এই দিনে গণতন্ত্রকে হত্যা করে তথাকথিত ভোটের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করেছিল আওয়ামী লীগ। এ কারণে বিএনপি শান্তিপূর্ণভাবে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে। এর মাধ্যমে গণতন্ত্র হত্যার প্রতিবাদ জানানো হবে।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, গত বছরের ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে গণতন্ত্র রক্ষা পেত না। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুরক্ষা করা হয়েছে। এ কারণে আজ ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে দলের পক্ষ থেকে সমাবেশ করা হবে।