বগুড়ায় জাপা সাংসদের ওপর চড়াও কর্মীরা
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে দুজনের নাম সুপারিশ করায় জেলা জাতীয় পার্টির (জাপা) বর্ধিত সভায় দলীয় নেতা-কর্মীদের রোষের শিকার হয়েছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সাংসদ আলতাব আলী।
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার অনুষ্ঠিত জেলা জাপার সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক বর্ধিত
সভায় এ ঘটনা ঘটে। পরে সভাস্থল থেকে সাংসদকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যান দলীয় নেতা-কর্মীরা।
সভায় থাকা জাপার ছয়জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বর্ধিত সভায় দুপুর সোয়া ১২টার দিকে বক্তব্য দিতে উঠে জেলা জাপার সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সাংসদ আলতাব আলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ তোলেন। এসব অভিযোগ খণ্ডন করার জন্য সভার সঞ্চালক আলতাব আলীকে বক্তব্য দিতে অনুরোধ করেন। সাংসদ বক্তব্য দিতে শুরু করলে সভায় হট্টগোল শুরু হয়। এ সময় কিছুসংখ্যক নেতা-কর্মী ‘ধর ধর’ বলে মঞ্চে উঠে আলতাব আলীর ওপর চড়াও হন। এ সময় অন্য দুই সাংসদ সভার সভাপতি শরিফুল ইসলাম ও নূরুল ইসলাম ওমরসহ উপস্থিত নেতারা আলতাব আলীকে রক্ষা করেন।
বিব্রতকর পরিস্থিতি এড়াতে জুমার নামাজের কথা বলে সভা মুলতবি ঘোষণা করা হয়।
লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘আলতাব আলী গাবতলী উপজেলার মাড়িয়া আরএমপি উচ্চবিদ্যালয়ের সভাপতি পদে প্রথমে আমার নাম সুপারিশ করেন। পরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আওয়ামী লীগের এক কর্মীর নাম দেন। স্কুল-কলেজের কমিটি-বাণিজ্য ছাড়াও নির্বাচনী এলাকায় তিনি নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। তাঁর এসব কাজে ক্ষুব্ধ হয়ে শুক্রবারের বর্ধিত সভায় সাংসদের ওপর চড়াও হন নেতা-কর্মীরা।’
সাংসদ আলতাব আলী বলেন, ‘আমাকে হেনস্তা করবে বগুড়ায় এমন কোনো বাপের বেটা আছে? জেলা জাপায় কিছু চোর-বাটপার আছে। এদেরকে আমি পাত্তা দিই না। এ জন্য তারা কিছু চিল্লাচিল্লি করেছে।’
জানতে চাইলে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংসদ নূরুল ইসলাম ওমর বলেন, ‘বর্ধিত সভায় একটু হট্টগোল হয়েছে, কোনো নেতাকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি।’
জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে সন্ধ্যায় বলেন, ‘জাতীয় পার্টির বর্ধিত সভার বিষয়ে আমাদের জানানো হয়নি। হট্টগোলের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দেখে তা থেমে গেছে।’