বগুড়ায় শনিবার আধা বেলা হরতালের ডাক বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শনিবার বগুড়া জেলায় আধা বেলা হরতালের ডাক দিয়েছে বিএনপি। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতার মুক্তি এবং যুবদলের এক নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে।
এ ছাড়া ২৩ ডিসেম্বরের মধ্যে কারাবন্দী নেতাদের মুক্তি না দিলে ২৪ ডিসেম্বর থেকে লাগাতার আন্দোলন ও ‘বগুড়া অচল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে দলীয় কার্যালয়ে এই কর্মসূচির ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
হরতাল কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শনিবার আধা বেলা হরতাল কর্মসূচি ছাড়াও আটক নেতা-কর্মীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার জেলা শহর ও শুক্রবার ওয়ার্ডে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ২৩ ডিসেম্বরের মধ্যে নেতা-কর্মীরা মুক্ত না হলে পরদিন থেকে ‘বগুড়া অচল’ কর্মসূচি শুরু হবে।
জেলা বিএনপির চার-পাঁচজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গত ৩ সেপ্টেম্বর ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খানের দায়ের করা মামলায় জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় ২৫ নেতা-কর্মীকে আসামি করা হয়।
১৩ নভেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নেন জেলা বিএনপির সভাপতিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মী। ১১ ডিসেম্বর বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজিরা দিতে গেলে বিচারক ফেরদৌস ওয়াহিদ জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের জামিন মঞ্জুর করলেও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম, ছাত্রদলের সহসভাপতি হাসানুজ্জামান পলাশ এবং জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু জাকির মো. মিঠুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল বুধবার কারাবন্দী পাঁচ নেতার জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।