বগুড়া আ.লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বগুড়ার প্রতিটি উপজেলায় ব্যাপকভাবে পল্লী উন্নয়ন হয়েছে। বগুড়ায় আওয়ামী লীগের সমর্থন বৃদ্ধি পেয়ে বগুড়া আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে। 

বগুড়ার শেরপুরে এক সমাবেশে আজ শুক্রবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ মন্তব্য করেন।

শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ওই সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ এখন সাহায্য নেয় না, সাহায্য দেয়। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে যাবে। আগামী দিনগুলোতে বগুড়ার প্রতিটি উপজেলায় পল্লী উন্নয়নে আরও ব্যাপকভাবে উন্নয়নের কাজ করা হবে।

সমাবেশ ঘিরে শেরপুর ও ধুনট উপজেলার কয়েক হাজার দলীয় নেতা-কর্মী সমাবেশে যোগ দেন। সমাবেশ শুরুর আগে সমাবেশস্থলে প্রধান অতিথি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ধুনট উপজেলার সাতটি ও শেরপুর উপজেলার তিনটি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন।

শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সাংসদ হাবিবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব, বগুড়া জেলা পরিষদের ওয়ার্ড (শেরপুর) সদস্য মোস্তাফিজার রহমান প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথিকে উদ্দেশ করে স্থানীয় সাংসদ হাবিবর রহমান বগুড়ায় বিমানবন্দর ও বগুড়াকে সিটি করপোরেশন করার দাবি করেন। শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার শেরপুরের করতোয়া নদীকে খননের দাবি করেন।

এর আগে বিকেল চারটার দিকে খন্দকার মোশাররফ হোসেন বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করেন।