বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা সম্মেলনের দীর্ঘ ২১ মাস পর বগুড়া জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে স্থান পাওয়া অধিকাংশই নতুন। দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষর করা পূর্ণাঙ্গ কমিটির তালিকাসহ দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এ-সংক্রান্ত চিঠি গতকাল রোববার রাতে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের হাতে এসে পৌঁছায়। পরে জেলা সভাপতি তাঁর ফেসবুকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন।
এর আগে ২০১৪ সালের ১০ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা মমতাজ উদ্দিনকে সভাপতি, মজিবর রহমানকে সাধারণ সম্পাদক এবং রাগেবুল আহসান, টি জামান নিকিতা ও মঞ্জুরুল আলমকে যুগ্ম সম্পাদক ঘোষণা দিয়ে চলে যান। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা ছিল।

কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রথম আলোকে বলেন, ১২ অক্টোবর দলীয় সভানেত্রী শেখ হাসিনা বগুড়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা অনুমোদন করেন। ওই তালিকা ও দলের সাধারণ সম্পাদকের চিঠি গতকাল রাতে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির কাছে পাঠানো হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে ২১ জনকে। কমিটিতে জায়গা দেওয়া হয়েছে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ থেকে আসা কয়েকজন নবীন নেতাকেও। পূর্ণাঙ্গ কমিটিতে দ্বিতীয়বারের মতো সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন প্রদীপ কুমার রায়। নতুন দুই সাংগঠনিক সম্পাদক হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান এবং সাবেক কমিটির প্রচার সম্পাদক শাহরিয়ার আরিফ।
এবারই প্রথম জেলা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন দলীয় দুজন সাংসদ আবদুল মান্নান ও হাবিবর রহমান। বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান এবং তাঁর স্ত্রী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান দুজনই সদস্য পদ পেয়েছেন। জেলা সভাপতি মমতাজ উদ্দিনের শ্যালক শাহ আখতারুজ্জামান পেয়েছেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের পদ। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন দপ্তর সম্পাদক, জেলা যুবলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাগর কুমার রায় যুব ও ক্রীড়া সম্পাদক এবং শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজি জুয়েল উপপ্রচার ও প্রকাশনা এবং সাবেক সাধারণ সম্পাদক মাশরাফি হিরোকে উপদপ্তর সম্পাদকের পদ দেওয়া হয়েছে। ২১ সদস্যের উপদেষ্টা কমিটিতে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হায়দার আলী এবং তাঁর স্ত্রী তাহমিনা হায়দার দুজনকেই রাখা হয়েছে। শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান এবং কাহালু পৌরসভার মেয়র হেলাল উদ্দিনকে কমিটিতে সদস্য পদে রাখা হয়েছে।
তবে সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী, ধুনটসহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতারা জেলা কমিটিতে স্থান পেলেও নাম নেই নন্দীগ্রাম, শাজাহানপুরসহ বেশ কয়েকটি উপজেলার নেতাদের।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, মাঠের পরীক্ষিত, ত্যাগী ও তরুণ নেতাদের পূর্ণাঙ্গ কমিটিতে রাখা হয়েছে। নবীন-প্রবীণ নেতৃত্বের মিশেলে গঠিত এই কমিটি অন্য যেকোনো সময়ের কমিটির চেয়ে আরও শক্তিশালী ও পরিচ্ছন্ন হয়েছে।