বগুড়ায় আ. লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ
বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) উপলক্ষে সভা-সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয় ও আগুন দেওয়া হয়। আজ শনিবার সন্ধ্যার দিকে রামেশ্বরপুর বাজারে এ ঘটনা ঘটে।
রামেশ্বরপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী আবদুল ওয়াহাব অভিযোগ করেন, আগামী ২৩ এপ্রিল রামেশ্বরপুর ইউপির নির্বাচন উপলক্ষে আজ রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর পক্ষে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা আহ্বান করে। বিএনপির পূর্ব নির্ধারিত সভা শুরু হলে আওয়ামী লীগের প্রার্থী রফি নেওয়াজ খানের সমর্থকেরা প্রায় ৩০টি মোটরসাইকেলে সভাস্থলে এসে বাধা দেন। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। তখন আওয়ামী লীগ সমর্থকেরা রামেশ্বরপুর বাজারে বিএনপির কর্মীদের ১৫টি দোকান ভাঙচুর ও সাতটি দোকানে অগ্নিসংযোগ করে।
এ ব্যাপারে রফি নেওয়াজ খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় বিনা উসকানিতে বিএনপির লোকজন পরিকল্পিতভাবে এই হামলা করেছে এবং ১১টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া বাজারের নিরীহ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে হামলা করেছে। বিএনপির সভায় বাধা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। কারণ ঘটনার সময় আমি বাসাতে ছিলাম, কেউ সেখানে বাধা দিতে গেলে আমাকে অবশ্যই জানাত।’
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান প্রথম আলোকে বলেন, বিএনপির সভায় বাধা দিতে গিয়ে নয়; পাশাপাশি দুটি স্থানে দুই দলের সভায় মিছিল নিয়ে যাওয়ার পথে বাজারের প্রবেশ রাস্তায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় বিএনপির সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে দুই কনস্টেবল আহসানুল ও আশরাফ আলী আহত হন। পরে ৭০ টি শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষের সময় কয়েকটি দোকান ভাঙচুর ও মোটরসাইকেল পোড়ানোর ঘটনাও ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। আহতদের গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।