বগুড়ায় আজ বিএনপির ডাকে অর্ধদিবস হরতাল
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে আজ সোমবার বগুড়ায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। গতকাল রোববার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শহরের নওয়াবাড়ি সড়কের দলীয় কার্যালয়ে এ সভা করেন। তবে কোনো আলাপ-আলোচনা বা পূর্বপ্রস্তুতি ছাড়াই হঠাৎ এই হরতাল দেওয়ায় কর্মসূচি কতটা সফল হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দলের নেতা-কর্মীরা। তাঁরা বলেন, তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে গত বুধবার দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানেও হরতাল কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, তিন বছর আগেও বগুড়ায় বিএনপি হরতালের ডাক দিলে তা স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। তখন মাইকিং করে শহরবাসীকে হরতালের কথা জানিয়ে দেওয়া হতো। অথচ এখন ‘চুপি চুপি’ হরতাল ডাকা হচ্ছে। শহরবাসী দূরে থাক, দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও এই হরতাল সম্পর্কে জানেন না।
জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার বলেন, জেলা বিএনপির হরতাল কর্মসূচি নিয়ে যুবদলের সঙ্গে কোনো আলাপ হয়নি। তবে বিএনপির নেতা-কর্মীরা হরতালে মাঠে থাকলে যুবদলও তাঁদের সঙ্গে থাকবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, দুপুরের পর তাৎক্ষণিকভাবে হরতালের সিদ্ধান্ত হয়েছে। যেহেতু কর্মসূচি দেওয়া হয়েছে, সেহেতু নেতা-কর্মীদের কাজ হবে হরতাল সফল করা।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গতকাল রাতে বলেন, কেউ শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ কোনো বাধা দেবে না। তবে হরতালের নামে কেউ কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে। বিএনপি আধা বেলা হরতাল কর্মসূচি দেওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।