বগুড়ায় জমে উঠেছে 'ঈদ রাজনীতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে ডিসেম্বরে সম্ভাব্য জেলা পরিষদ নির্বাচন ঘিরে বগুড়ায় জমে উঠেছে ‘ঈদ রাজনীতি’। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আগাম প্রচারণায় নেমেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। দলীয় নেতা-কর্মীরা বগুড়া শহরে তাঁর নামে টানিয়েছেন ডিজিটাল ব্যানার। এবারই প্রথম জেলার নির্বাচিত সব জনপ্রতিনিধির কাছে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন মমতাজ উদ্দিন। ইউপি নির্বাচনে বিজয়ী দলীয় চেয়ারম্যানদের শুভেচ্ছা উপহার হিসেবে দিচ্ছেন মুজিব কোট।

জেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও জেলা পরিষদের বর্তমান প্রশাসক মকবুল হোসেন ও জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, গত বছরের নভেম্বর পর্যন্ত বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে সোচ্চার ছিলেন মমতাজ উদ্দিন। বগুড়াকে সিটি করপোরেশন করার সম্ভাবনা দেখা দিলে প্রশাসক বা মেয়র পদ পেতে দলীয় সভানেত্রীসহ বিভিন্ন স্থানে দৌড়-ঝাঁপ শুরু করেন তিনি। মেয়র পদে নির্বাচন করতে তিনি পেশাজীবীদের সঙ্গে একাধিক বৈঠক করে বগুড়া উন্নয়নে দাবিনামা তুলে ধরেন। কয়েক শ গাড়িবহর নিয়ে করেন রোড শো। তবে গত ১২ নভেম্বর দলীয় সভানেত্রী বগুড়া সফরে এসে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা না দিয়েই চলে যান। এ নিয়ে হতাশ হয়ে পড়েন মমতাজ উদ্দিন।

এরপর থেকেই বগুড়ায় আওয়ামী লীগের রাজনীতিতে কানাঘুষা চলছিল জেলা পরিষদে প্রার্থী হবেন মমতাজ উদ্দিন। পৌরসভা নির্বাচনের পর থেকেই বিজয়ী জনপ্রতিনিধিদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রক্ষা করছিলেন তিনি। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিংহভাগই দলের মনোনীত প্রার্থী বিজয়ী হলে মমতাজ উদ্দিন জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

মমতাজ উদ্দিনের আস্থাভাজন একাধিক নেতা বলেন, জেলা পরিষদে নির্বাচন করার জন্য মমতাজ উদ্দিন বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র-কাউন্সিলর এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। গত দুই সপ্তাহে তিনি বিভিন্ন উপজেলায় নানা অনুষ্ঠানে যোগদান করে জনপ্রতিনিধিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছেন।

কয়েক দিন আগে মমতাজ উদ্দিন দুপচাঁচিয়া উপজেলায় জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই সমাবেশে সভাপতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা আবদুল গনি।

এ ব্যাপারে মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সারা জীবন দলের জন্য শ্রম দিয়েছি। কিছু চাইনি। আগামী ডিসেম্বরে বগুড়া জেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চাইব। এ জন্য জনপ্রতিনিধিদের সঙ্গে নানাভাবে যোগাযোগ শুরু করেছি। দল মনোনয়ন দিলে নির্বাচনে প্রার্থী হব।’

বগুড়া জেলা পরিষদের বর্তমান প্রশাসক প্রথম আলোকে বলেন, ‘স্বচ্ছতার সঙ্গে প্রশাসকের দায়িত্ব পালন করছি। নির্বাচন হলে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চাইব।’

বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘পৌরসভায় দলীয় মনোনয়ন পেয়ে মেয়র পদে প্রার্থী হয়েছিলাম। কিন্তু ষড়যন্ত্রের কাছে হেরেছি। এখন জেলা পরিষদ নির্বাচনেও দলীয় মনোনয়ন চাইব। দল মনোনয়ন দিলে নির্বাচন করব।’

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, জেলা পরিষদ নির্বাচনের জন্য ভোটার তালিকা এখনো চূড়ান্ত হয়নি। জেলা প্রশাসন থেকে নির্বাচনী ওয়ার্ড ঘোষণার জন্য সীমানা নির্ধারণের কাজ চলছে। সীমানার গেজেট প্রকাশিত হলেই শুরু হবে তফসিল ঘোষণার তোড়জোড়। সব মিলিয়ে আগামী ডিসেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।