বগুড়ায় দুদিন পর পালিত হলো খালেদার জন্মদিন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন চলে গেলেও দিবসটি উপলক্ষে আজ সোমবার বিশেষ দোয়া মাহফিল এবং মিষ্টি বিতরণ করেছে বগুড়া জেলা যুবদল। ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে কোনো কর্মসূচি পালন করেনি জেলা বিএনপি ও যুবদল।
তবে পরের দিন গতকাল রোববার জেলা বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। ওই দিন দলের পক্ষ থেকে দাবি করা হয় পুলিশি বাধায় দলীয় কার্যালয়ে ঢুকতে না পারায় তারা দলীয় চেয়ারপারসনের জন্মদিনের কোনো কর্মসূচি পালন করা যায়নি। তবে সাধারণ কর্মী সমর্থকেরা অভিযোগ করেন, পুলিশি বাধার কারণ দেখানোটা নেতাদের অজুহাত মাত্র। কার্যত অন্যবার জাঁকজমকপূর্ণভাবে দলীয় চেয়ারপারসনের জন্মোৎসব পালন করা হলেও এবার দলীয়ভাবে কোনো কর্মসূচিই হাতে নেওয়া হয়নি।
বগুড়ায় খালেদা জিয়ার জন্মদিন নীরবে কেটে যাওয়া নিয়ে গত রোববার প্রথম আলোয় ‘বগুড়ায় নীরবেই কেটে গেল খালেদা জিয়ার জন্মদিন’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন ছাপা হওয়ার পর গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে ঘটা করে জন্মদিনের কেক কাটেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
এরও একদিন পর আজ বিকেলে জেলা যুবদলের পক্ষ থেকেও বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল এবং পরে শহরের পথচারী ও শ্রমজীবী দুস্থ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
যুবদলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা বিএনপির সহসভাপতি ফজলুল বারী তালুকদার, বিএনপি নেতা এসএম রাফি পান্না, আব্দুর রহমান, মামুনুর রশিদ, আজফারুল হাবিব, নাজমুল হুদা এবং যুবদলের সাবেক ও বর্তমান নেতারা। তবে নাশকতার মামলায় পলাতক থাকায় দলীয় চেয়ারপারসনের জন্মদিনের এই কর্মসূচিতে দেখা যায়নি জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার এবং সাধারণ সম্পাদক আরাফুতুর রহমানের মতো শীর্ষ নেতাদের।
জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার বলেন, ‘সরকারের জুলুম নির্যাতন আর মামলা হামলায় যুবদলের সিংহভাগ নেতা-কর্মী এখন ঘরছাড়া। কেউ জেলে, কেউ বাড়ি ছাড়া। এ কারণে যথা সময়ে বিএনপির চেয়ারপারসনের জন্মদিনের কর্মসূচি পালন করা যায়নি। তবে দুদিন পর হলেও জেলা যুবদল স্বতঃস্ফূর্তভাবে জন্মদিনের কর্মসূচি পালন করেছে। নেপথ্যে থেকে কর্মসূচির দিক নির্দেশনা দিলেও কৌশলগত কারণে কর্মসূচিতে নিজে উপস্থিত থাকতে পারিনি।’
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির সাত আটজন নেতা-কর্মী জানান, গতকাল রোববার প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হওয়ার পর জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সাধারণ নেতা-কর্মীদের সমালোচনার মুখে পড়েন। এরপরই প্রথমে বিএনপি এবং একদিন পর যুবদল খালেদা জিয়ার জন্মদিনের কর্মসূচি পালন করে।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘পুলিশি বাধার কারণে গত শনিবার চেয়ারপারসনের জন্মদিনে কোনো কর্মসূচি পালন করা যায়নি। বাধ্য হয়ে একদিন পর দলীয় কার্যালয়ে জন্মদিনের কেক কাটা হয়।