বগুড়ায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার মেয়র ও সম্প্রতি দল থেকে অব্যাহতি পাওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহীর পক্ষে-বিপক্ষে গতকাল রোববার সংবাদ সম্মেলন হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া প্রেসক্লাবে পৌরসভার হিন্দুকান্দি এলাকার রেজাউল করিম নামের এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি মেয়রের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের হত্যা-নির্যাতন, দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনেন। এ ছাড়া তিনি বলেন, গত বছরের ২৮ ডিসেম্বর মেয়র নির্বাচনের আগে আলমগীর শাহী তাঁর (রেজাউল) কাছ থেকে ৪ লাখ টাকা ধার নেন। এ ছাড়া এলাকার অন্য ১১ জনের কাছ থেকে প্রায় ২৮ লাখ টাকা হাতিয়ে নেন। এসব অভিযোগ পেয়ে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ আবদুল মান্নান তা আমলে নেন। পরে ৫ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আলমগীর শাহীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে ১০ নভেম্বর পাওনাদারেরা একজোট হয়ে মেয়রের বাড়িতে যান। এ সময় তাঁর এক সহযোগীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পাওনাদারেরা ফিরে আসেন। পরে পুলিশের উপস্থিতিতে মেয়রের লোকজন পরিকল্পিতভাবে বাসায় ভাঙচুর করেন এবং রান্নাঘরে আগুন ধরিয়ে দেন। সেই দোষ অন্যের ওপর চাপানোর চেষ্টা চলছে। সংবাদ সম্মেলন চলাকালে সাংসদের ছোট ভাই জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে বেলা পৌনে একটার দিকে একই স্থানে সংবাদ সম্মেলন করেন মেয়র আলমগীর শাহী। সেখানে তিনি বলেন, ‘তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলের ভেতরের একটি প্রভাবশালী মহল কোণঠাসা করতে ৫ সেপ্টেম্বর অসাংবিধানিকভাবে আমাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়।’ পৌর ভবন নির্মাণে আর্থিক অনিয়মের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘২০১২ সালে পৌর ভবন নির্মাণে ৫০ লাখ টাকা বরাদ্দ হয়। মেয়র নির্বাচিত হওয়ার পর একজন প্যানেল মেয়রকে আহ্বায়ক করে পৌর ভবনের জন্য জমি ক্রয়ে কমিটি করে দিই। কমিটি বাজারদর যাচাই করে ভবনের জন্য জমি কিনেছে। অথচ জমি কেনায় অস্বচ্ছতার অভিযোগ এনে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। স্থানীয় সরকারের একজন কর্মকর্তা ৮ নভেম্বর অভিযোগ তদন্তে এলে দলের প্রভাবশালী ওই মহল সন্ত্রাসী কায়দায় তদন্ত প্রতিবেদন আমার বিপক্ষে নেওয়ার চেষ্টা করে। কিন্তু প্রশাসনের সঠিক ভূমিকার কারণে তাদের উদ্দেশ্য বিফল হয়। এতে ক্ষুব্ধ হয়ে ১০ নভেম্বর শহরের হিন্দুকান্দি এলাকায় আমার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এখন প্রকাশ্যে আমার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’
সংবাদ সম্মেলনে আলমগীর শাহী সাংসদের ছোট ভাই সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদুল ইসলামের বিরুদ্ধে হামলা-ভাঙচুরসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেন।
জাহিদুল এ অভিযোগ অস্বীকার করে আসছেন।