বগুড়ায় বানভাসিদের পাশে নেই রাজনৈতিক দলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার তিন উপজেলার ১৭ হাজার বেশি পরিবার বন্যায় তিন সপ্তাহ ধরে পানিবন্দী হয়ে রয়েছে। এসব বানভাসি মানুষের মধ্যে সরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। রাজনৈতিক দলগুলোও তাঁদের পাশে দাড়াচ্ছে না। দুর্গত এলাকা পরিদর্শন বা ত্রাণ বিতরণ কার্যক্রম নেই সংগঠনগুলোর।

বগুড়াকে দুর্গ দাবি করলেও বিএনপির জেলা-উপজেলা পর্যায়ের কোনো নেতা ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে যাননি। এ জেলায় জাতীয় পার্টি-জাসদের পাঁচজন সাংসদ রয়েছেন। তবে এই দুলের পক্ষ থেকেও দুর্গতদের সহযোগিতায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু ত্রাণ বিতরণ করা হয়েছে।

 জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলার ৯টি, সোনাতলা উপজেলার ৩টি এবং ধুনট উপজেলার দুটি ইউনিয়নকে দুর্গত এলাকা ঘোষণা করা হয়েছে। দুর্গতদের মধ্যে ৪ হাজার ২৯০টি পরিবার আশ্রয় কেন্দ্র ও বন্যা নিয়ন্ত্রণ বাধে আশ্রয় নিয়েছে।

সারিয়াকান্দির বন্যা দুর্গত এলাকার অন্তত ২৫ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাসের ৩ তারিখ থেকে তাঁরা পানি বন্দি। নদী ভাঙনে অনেকেই আশ্রয়হীন। খাদ্য ও খাবার পানির সংকটে দুর্গত এলাকায় চরম দুর্ভোগ কষ্ট পোহাতে হচ্ছে। সরকারিভাবে কিছু ত্রাণ ছাড়া তাঁদের ভাগ্যে কিছুই জোটেনি। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ আবদুল মান্নান দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের নেতারাও ছিলেন।

কামালপুর ইউনিয়নের রোহদহ পুরোনো বাঁধে আশ্রয় নেওয়া আনেছা বেগম (৫৮) বলেন, ‘তিন সপ্তা ধরে বাড়িঘর বানের পানিত ভাসিচ্চে। কোন রকমে বাঁধত আসে আশ্রয় লিচি। হামাকের এমপি পরথম থ্যাকেই বাঁধত আসে খোঁজখবর লিচ্চে। তাঁর কারণেই দুই দফায় ৩০ কেজি চাল ত্রাণ পাচি। এমপি ছাড়া কোন নেতা হামাকেরে খোঁজ লেয়নি।’

স্থানীয় সাংসদ সরকারি ত্রাণ বিতরণ করলেও আওয়ামী লীগের কোনো ত্রাণ বিতরণ কার্যক্রম নেই। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক একেএম আসাদুর রহমান বলেন, দলীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে তারা অংশ নেবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যা শুরু হওয়ার আগে বগুড়া-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতা মো. শোকরানা ও মোশারফ হোসেন চৌধুরী এলাকায় দলীয় তৎপরতা চালিয়েছেন। কিন্তু বন্যা শুরু হওয়ার পর থেকে তাঁরা নির্বাচনী এলাকায় অনুপস্থিত।

নাম প্রকাশ না করার শর্তে চন্দনবাইশা ইউনিয়ন বিএনপির এক নেতা বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বাড়ি পাশের গাবতলী উপজেলায়। এ কারণে আমরা বড়মুখ করে বগুড়াকে বিএনপির দুর্গ বলে দাবি করি। এত বড় বন্যা চলে যাচ্ছে। বানভাসিদের পাশে দলের কেউ নেই। দলের ত্রাণ বিতরণ কাজে অতীতে সরকারি দলের লোকজন বাধা দিয়েছে। তারপরও বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া দরকার ছিল। এ কার্যক্রমে বাধা এলে নির্বাচনে বিএনপি ভোটারদের সহানুভূতি পেত।’

এ সম্পর্কে জেলা বিএনপির উপদেষ্টা মো. শোকরানা দাবি প্রথম আলোকে বলেন, বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণের ইচ্ছে ছিল তাঁর। কিন্ত পুলিশ প্রশাসনের বাঁধার কারণে তিনি দুর্গত এলাকায় যেতে পারেননি।

এ অভিযোগ নাকচ করে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালানোর জন্য বিএনপির কেউ যোগাযোগ করেননি। বাঁধা দেওয়ার প্রশ্নই আসে না।

একই আসনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন চেৌধুরী বলেন, ‘ঢাকায় অবস্থানের কারণে দুর্গত এলাকায় যেতে পারিনি। দলীয়ভাবে না হলেও ঢাকার একটি সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণের চেষ্টা করছি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের জন্য দলে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। দলীয় ফোরামে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

 বগুড়ার চারটি আসন এখন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাংসদের দখলে। বানভাসিদের পাশে নেই জাতীয় পার্টির কোনো সাংসদ বা অন্য কোন নেতা। জানতে চাইলে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ (সদর) আসনের সাংসদ নুরুল ইসলাম বলেন, জেলা জাপার পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।’

সরকারের শরীক দল জাসদও দুর্গতদের পাশে দাড়ায়নি। এ ব্যাপারে জেলা জাসদের সভাপতি ও বগুড়া-৩ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাংসদ একেএম রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ধরেননি।