বগুড়ায় হরতাল ডেকে মাঠে নেই বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল সোমবার জেলা বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। তবে কোনো প্রকার পূর্বপ্রস্তুতি ছাড়াই গত রোববার বিকেলে ‘হঠাৎ’ ডাকা এ হরতাল চলাকালে মাঠে দলীয় নেতা-কর্মীদের তেমন জোরালো তৎপরতা চোখে পড়েনি।
অর্থ পাচার মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতের দেওয়া সাজার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছিল। তবে হরতালের সমর্থনে কোনো প্রকার পিকেটিং বা মিছিল করা হয়নি। অবশ্য ৫০ থেকে ৬০ জন নেতা-কর্মী নিয়ে সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ কয়েকজন বক্তব্য দেন। এখান থেকেই গত সোমবার বিকেলে হঠাৎ অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছিলেন সাইফুল ইসলাম। দলীয় সূত্রে জানা যায়, কোনো প্রকার আলাপ-আলোচনা এবং পূর্বপ্রস্তুতি ছাড়াই ডাকা এই হরতালের সফলতা নিয়ে খোদ নেতা-কর্মীরাই সন্দিহান ছিলেন।
সরেজমিনে দেখা গেছে, অন্যদিনের মতোই গতকাল বগুড়ার রাস্তাঘাট ছিল স্বাভাবিক। শহরের সাতমাথা হয়ে শেরপুর সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করেছে। শহরের হাড্ডিপট্টি আন্তজেলা এবং চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে হরতালের কোনো প্রভাব পড়েনি। ঠনঠনিয়া টার্মিনাল থেকে যথারীতি চলাচল করেছে দূরপাল্লার কোচ। শহরের রাস্তায় ছিল সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের চলাচল। দোকানপাট এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও খোলা ছিল। সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও ব্যাংক-বিমা প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম চলেছে।
এদিকে বিএনপির ‘হরতাল-নৈরাজ্যের’ প্রতিবাদে গতকাল সকালে শহরের সাতমাথায় মিছিল ও সমাবেশ করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, শহিদুল ইসলাম, জুলফিকার রহমান প্রমুখ। তাঁরা হরতালে কেউ মাঠে নামলে প্রতিহত করার ঘোষণা দেন।