বগুড়ায় 'পুলিশি বাধার' মুখে সংক্ষিপ্ত সমাবেশ বিএনপির
মানি লন্ডারিং মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানার প্রতিবাদে গতকাল শনিবার বগুড়ায় কোনো বিক্ষোভ মিছিল হয়নি। ‘পুলিশি বাধার’ মুখে দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেছেন।
বেলা ১১টা ২৫ মিনিট থেকে মাত্র ১০ মিনিট শহরের নওয়াববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়। এতে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ছাড়া অন্য কেউ বক্তব্য দেননি।
বিএনপির কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমানের সাজা ঘোষণার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ-সমাবেশ করার কথা ছিল। এই উদ্দেশ্যে বেলা ১১টার দিকে দলীয় নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হন। কিন্তু কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিলে জেলা নেতারা সংক্ষিপ্ত সমাবেশ করার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, বিক্ষোভ মিছিল করার আগেই দলীয় নেতা-কর্মীদের অবরুদ্ধ করে রাখে পুলিশ। এ বাধা ভেঙে বিক্ষোভ মিছিল করতে গেলে নির্ঘাত সংঘাত-সহিংসতা বাধত। এতে দলীয় নেতা-কর্মীর প্রাণ যেত, আহত হতেন। গ্রেপ্তার মামলায় এলাকাছাড়া হতে হতো। সংঘাত এড়াতে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে। তবে এতে সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেননি। তবে বিএনপির অনেকেই উপস্থিত ছিলেন।
বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘বিএনপি মিছিলের চেষ্টা করল
কখন যে পুলিশ বাধা দেবে? এক দিন আগে তাঁরা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের কথা বলেছিলেন, গতকাল তা-ই করেছেন।’
নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির চারজন নেতা বলেন, পুলিশি বাধায় মিছিল করা যায়নি, এটা বাহানা মাত্র। তিন বছর ধরেই ক্ষমতাসীন দল ও পুলিশের সঙ্গে সমঝোতা করে চলছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। এ কারণে মাঠের নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার ডজন ডজন মামলা হলেও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। শহরের রাজনীতির সূতিকাগার হিসেবে পরিচিত সাতমাথায় মিছিল নিয়ে আসার মতো কোনো সাংগঠনিক শক্তিই নেই জেলা বিএনপির।