বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া আর কারও ছবি টাঙানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে আওয়ামী লীগের ১০ কেন্দ্রীয় নেতার সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কোনো নেতার ছবি টাঙানো যাবে না। একই সঙ্গে স্থানীয় কোনো নেতার নামে স্লোগান দেওয়া যাবে না।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নগরের এস এস খালেদ সড়কের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বক্তৃতা করেন সহসভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দীন প্রমুখ।
সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া আর কোনো নেতার ছবি মাঠে টাঙানো যাবে না। বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী ছাড়া কোনো নেতা বা ব্যক্তির নামে স্লোগান দেওয়া যাবে না। এই সিদ্ধান্ত সবাইকে মানতে হবে।
আ জ ম নাছিরউদ্দীন বলেন, প্রবীণ ও নবীনের সমম্বয়ে এবার যে কেন্দ্রীয় কমিটি হয়েছে, তাতে প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লালদীঘি ময়দানে ১০ নেতার সংবর্ধনা অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, আজ বিকেলে লালদীঘি মাঠে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর তিন সদস্য অনুপম সেন, ইসহাক মিয়া ও প্রণব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও সদস্য দীপঙ্কর তালুকদারকে সংবর্ধনা দেওয়া হবে। চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক।