আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু সরকার কিংবা দলের একার সম্পত্তি নন, তিনি সর্বজনীন। দেশের মানুষের মনের মণিকোঠায় তাঁর স্থান।
গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধুর মতো একজন নেতা ভবিষ্যতে আর এ দেশে জন্ম নেবে না। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তাঁর নাম মুছে ফেলার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু ধীরে ধীরে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন।
সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বজনীনভাবে শ্রদ্ধা জানাতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির জনক স্বাধীন বাংলার স্থপতি। কিছু কুলাঙ্গার পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে। এ দেশে যতবার বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, ততবারই বাঙালির হৃদয়ে দৃঢ়ভাবে স্থান করে নিয়েছেন তিনি।
এ সময় দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টায় রয়েছে সরকার। দ্রুতই তা কার্যকর হবে।