বঙ্গবন্ধু জনগণের অধিকারে ছাড় দেননি: ড. কামাল
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাঁসির মঞ্চে গিয়েও জনগণের অধিকারের বিষয়ে ছাড় দেননি। তিনিই সংবিধানে দিয়ে গেছেন, জনগণ হলো ক্ষমতার মালিক।
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ড. কামাল এসব কথা বলেন। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আমরাও নাগরিক’ নামের একটি সংগঠন ‘গরিবের জন্য বঙ্গবন্ধু’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।
ড. কামাল হোসেন বলেন, পশ্চিম পাকিস্তানিদের হাতে ছিল বন্দুক। বঙ্গবন্ধু শিক্ষা দিয়েছেন, জনগণ হলো ক্ষমতার মালিক। বারবার সেই জনগণের বিজয় দেখা গেছে। যেহেতু প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। তাই রাষ্ট্রকে জনগণের উচিত কথা শুনতে হবে।
আলোচনা সভায় শ্রোতা হিসেবে অংশ নেওয়া ব্যক্তিদের বড় একটি অংশ ছিলেন বস্তিবাসী। তাঁদের উদ্দেশে কামাল হোসেন বলেন, জনগণ অসহায় নয়। বাঙালি কোনো দিন অসহায় না। আইয়ুব, ইয়াহিয়ার মতো স্বৈরশাসকেরাও জনগণকে দাবিয়ে রাখতে পারেননি। তিনি বলেন, পুনর্বাসন না করে কোনো বস্তিবাসী বা কাউকে উচ্ছেদ করা যাবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণা করে ড. কামাল বলেন, বঙ্গবন্ধু দেখিয়েছেন কীভাবে মাথা উঁচু করে নেতৃত্ব দিতে হয়। তিনি এখনো সবার প্রেরণার শক্তি হয়ে আছেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি ছিল সুবিধাবঞ্চিত মানুষের পক্ষের রাজনীতি। তিনি সারা জীবন বঞ্চিত, নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তাদের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। এ কারণে বারবার তাঁকে জেল-জুলুমের শিকার হতে হয়েছে। বঙ্গবন্ধু ছিলেন গরিব মানুষের নেতা।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ‘আমরাও নাগরিক’-এর সভাপতি সাইদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি সুলতান মোহাম্মদ মনসুর, সাবেক সাংসদ মফিজুল ইসলাম খান, গণফোরামের নেতা সুব্রত চৌধুরী, জগলুল হায়দার প্রমুখ বক্তব্য দেন।