বঙ্গবন্ধু পরিবারের আর কেউ দলীয় পদে আসছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সক্রিয় রাজনীতিতে আসার জোর আলোচনা আছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে। আওয়ামী লীগের পরবর্তী কেন্দ্রীয় কমিটিতে তাঁদের অন্তর্ভুক্তির সম্ভাবনার কথাও বলছেন কেউ কেউ। তবে এ বিষয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য করছেন না।

আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্মেলনকে নতুন প্রজন্মের ‘অভিষেক লগ্ন’ হিসেবেও আখ্যা দেওয়া যেতে পারে। শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়ের কাউন্সিলর নির্বাচিত হওয়ার কারণে তাঁদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তির আলোচনার পালে হাওয়া লেগেছে। ওই নেতা আরও বলেন, সাধারণত আওয়ামী লীগের সম্মেলন মঞ্চ ও এর আশপাশে বঙ্গবন্ধু, দলীয় প্রধান শেখ হাসিনা, জাতীয় চার নেতা ও অতীতের বড় নেতাদের ছবি থাকে। এবার সেখানে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ছবি স্থান পেয়েছে। এটা কিছুটা হলেও ইঙ্গিতবহ।

ওই সূত্র জানায়, শেখ হাসিনা দলীয় কোনো ফোরামে পরিবারের অন্য সদস্যের রাজনীতিতে আসার বিষয়ে মুখ খোলেননি। একান্ত সাক্ষাতে কিংবা ছোট পরিসরের আলোচনায় অনেক নেতা বিষয়টি দলীয় সভাপতির সামনে তুলেছেন। একজন জ্যেষ্ঠ নেতা বলেন, দলীয় সভাপতি দু-একবার বলেছেন, সজীব ওয়াজেদ জয় এখনই রাজনীতিতে আসতে আগ্রহী নন। প্রধানমন্ত্রীও আগ্রহ দেখাননি। এবার শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং পুতুলের স্বামী খোন্দকার মাশরুর হোসেনের নাম কাউন্সিলর হিসেবে এসেছিল। কিন্তু মাশরুর হোসেনের নাম রেখে পুতুল ও ববির নাম বাদ দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

সম্পাদকমণ্ডলীর একজন সদস্য বলেন, দল ও সরকারে তরুণদের নিয়ে সজীব ওয়াজেদ জয়ের একটা বলয় ইতিমধ্যে তৈরি হয়েছে। এবারের সম্মেলনে দলীয় পদে তরুণদের আরও অনেকেই স্থান পেতে পারেন। 

আরেকজন দায়িত্বশীল নেতা বলেন, বঙ্গবন্ধু পরিবারের অন্যদের রাজনীতিতে আনার দাবি বা আওয়াজ এবারের সম্মেলনে ওঠার সম্ভাবনা রয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় সভানেত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নেবেন। তবে বলা যায়, বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের সক্রিয় রাজনীতি বা দলের কর্মকর্তা হিসেবে আবির্ভূত হওয়ার এটাই সেরা সময়। এবার যদি না-ও আসেন, তবে আলোচনা জোরালোভাবে শুরু হবে এটা নিশ্চিত। দলীয় প্রধান কিছু পদ ফাঁকাও রাখতে পারেন। এসব পদে সময়ের প্রয়োজনে যে কাউকে নিয়ে আসতে পারেন।

সম্মেলনে থাকছেন না রেহানা : এদিকে আওয়ামী লীগের গত সম্মেলনে যোগ দিলেও এবারের জাতীয় সম্মেলনে থাকছেন না বঙ্গবন্ধুর দ্বিতীয় কন্যা শেখ রেহানা। তাঁকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিলর করা হলেও যুক্তরাজ্য থেকে ঢাকায় ফেরেননি বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুজন কর্মকর্তা প্রথম আলোকে গতরাতে নিশ্চিত করেছেন।

জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা সম্মানার্থে রেহানা আপার নাম কাউন্সিলর হিসেবে দিয়েছি। তবে তিনি দেশে এসেছেন কি না জানি না।’