বঙ্গবন্ধু রাষ্ট্রীয় দায়িত্বেও সফল ছিলেন: আমু
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু রাজনীতিতেই সফল নন। তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনেও সফল ছিলেন। পাকিস্তান আমলে যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী হয়ে এই বাংলার মানুষকে আত্মোন্নয়নের পথ দেখান। দেশ স্বাধীন হওয়ার পর অল্প দিনেই তিনি উন্নয়ন কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিয়েছিলেন।
গতকাল সোমবার ‘বঙ্গবন্ধু গল্প’ বলা অনুষ্ঠানে আমির হোসেন এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর এই অনুষ্ঠানের আয়োজন করে।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, বঙ্গবন্ধু ক্ষমতার বাইরে থাকার সময়ও প্রত্যন্ত অঞ্চলের অভাবী কর্মীদের তালিকা রাখতেন। সাধ্যমতো তাদের সহায়তা করতেন। রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণের পরও কর্মীদের সহায়তা করেন। পাকিস্তান আমলে ব্যবসা-বাণিজ্য সবই নিয়ন্ত্রণ করত পশ্চিম পাকিস্তানিরা। বঙ্গবন্ধু যুক্তফ্রন্টের মন্ত্রী হয়ে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন গড়ে তোলেন। আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ কেন্দ্র গড়েন। এমনকি বাংলা চলচ্চিত্র বিকাশে স্টুডিও করে দেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি সমুদ্রসীমা নির্ধারণের যে রূপরেখা তৈরি করেছিলেন, তা শেখ হাসিনার আমলে বাস্তবায়ন হয়েছে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমির হোসেন বলেন, বঙ্গবন্ধুর বিশ্বাস ছিল আঘাতটা তাঁর ওপর আসবে না। তাঁর নেতা-কর্মীদের ওপর আঘাত আসতে পারে, এমন একটা আশঙ্কা তিনি করতেন। এ জন্য তিনি সতর্কও করেছিলেন। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, তাঁর জনগণ তাঁকে মারতে পারে না।
আমির হোসেন বলেন, সারা বিশ্বেই বিপ্লব করে ক্ষমতায় আসার পর প্রতিপক্ষকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু মনে করতেন, এই দেশে তাঁর প্রতিপক্ষ নেই। দেশের সবাইকে তাঁর নিজের লোক মনে করতেন তিনি। এ জন্য সবাইকে নিয়েই সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু তাঁকে সেই সুযোগ দেয়নি ঘাতকেরা।
গল্প বলা অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাংবাদিক আবেদন খান। সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমান।