প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে আসছেন। এ উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার বর্ধিত সভা হয়েছে। এতে সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায় যেসব তোরণ, ব্যানার ও ফেস্টুন তৈরি করবে তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়া আর কারও ছবি ব্যবহার করা যাবে না।
ওই দিন রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি এলাকায় অবস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মাঠে পবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই জনসভা সফল করার জন্য গতকাল সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরের লক্ষ্মীপুরে একটি রেস্তোরাঁয় জেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, সহসভাপতি ও সাংসদ বেগম আখতার জাহান, আবদুল মজিদ সরদার, লায়েব উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সাংসদ আয়েন উদ্দিন প্রমুখ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার জন্য প্রতিটি উপজেলায় বর্ধিত সভা করা হবে, ৭ সেপ্টেম্বর রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ সভা হবে। ১৪ সেপ্টেম্বরের জনসভা উপলক্ষে যেসব তোরণ, ফেস্টুন, ব্যানার করা হবে তাতে বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না। তবে তারা নিজ নিজ সংগঠনের নাম ব্যবহার করতে পারবে। এই সিদ্ধান্ত প্রতিটি উপজেলা ও ইউনিয়নে প্রচার করতে হবে।
ছবি ব্যবহারের এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় কি না, জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, ‘বরাবরই এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত। কিন্তু মানা হয় না এটাই দুঃখজনক। এবার যাতে সবাই মানে সে জন্য সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’