জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের ভেতর দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো তার প্রত্যাশিত যাত্রা থেকে বিচ্যুত হতে বাধ্য হয়েছিল।
গতকাল সোমবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন। তিনি ছিলেন ওই অনুষ্ঠানের প্রধান আলোচক।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘১৫ আগস্ট শুধু বাংলাদেশের ইতিহাসে বড় দুর্যোগ নয়, এটি বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। যে নৃশংসতার সঙ্গে তাঁকে (বঙ্গবন্ধু) ও তাঁর স্ত্রী-সন্তানদের হত্যা করা হয়েছিল তার কোনো তুলনা বিশ্বের ইতিহাসে নেই।’
সম্প্রতি গুলশানে জঙ্গি হামলার প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক আনিসুজ্জামান আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ সামরিক শাসন ও সংবিধান বিকৃতির পর আমরা আবার যখন আগের ধারায় ফেরত আসার চেষ্টা করছি সেই সময়েই এই ঘটনা ঘটল। এটা আমাদের পরিচিত বাংলাদেশ নয়। যদিও জঙ্গিবাদ এখন বৈশ্বিক সমস্যা, তবু বাংলাদেশের মতো দেশে এটা ঘটতে পারে না। এই নিষ্ঠুরতা, এই নির্মমতা বাংলাদেশের চরিত্রের সঙ্গে যুক্ত করা যায় না।
আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বঙ্গবন্ধুকে অভিহিত করেন একজন ‘ক্ষণজন্মা’ পুরুষ হিসেবে। তিনি বঙ্গবন্ধুর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বর্ণনার ভেতর দিয়ে তাঁর মানবপ্রেম, মানুষের অধিকারবোধ ও শ্রেষ্ঠত্বকে জাগিয়ে তোলার ক্ষমতা, নেতৃত্বগুণ, সাহস, সততা, নিষ্ঠা ও আপসহীনতার মতো গুণাবলি তুলে ধরেন। অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্যের কিছুটাও যদি আমরা ধারণ করতে পারি তাহলেই তাঁর প্রতি সত্যিকারের শ্রদ্ধা প্রদর্শন করা হবে।
সম্প্রতি বিভিন্ন জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সংশ্লিষ্টতার প্রসঙ্গে নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ২২ হাজার শিক্ষার্থী, ৪৪ হাজার অভিভাবক। এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে কয়েক ঘণ্টার বেশি থাকেন না। এখানকার যে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা, ক্লাবগুলোর যে শৃঙ্খলা তাতে এর বাইরে যাওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। এই বিশ্ববিদ্যালয় জঙ্গিবাদকে কখনো আশ্রয়-প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান প্রমুখ।