বঙ্গবন্ধু হত্যার পুনঃ তদন্ত দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পুনঃ তদন্ত দাবি করেছে বিএনপি।
বঙ্গবন্ধু হত্যার ৪০তম বার্ষিকীতে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ ও আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিমের একটি বক্তব্যের সূত্র ধরে বিএনপির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, টেলিভিশনে শেখ সেলিম ও কে এম সফিউল্লাহর যে কথোপকথন প্রচারিত হয়েছে, তা থেকে অনুমান করা যায়, তৎকালীন সেনাবাহিনীপ্রধান কে এম সফিউল্লাহ বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন। এই অভিযোগটি অত্যন্ত গুরুতর। শেখ মুজিবুর রহমানের হত্যার পুনঃ তদন্ত করা হোক। পুনঃ তদন্ত হলে সেনাবাহিনীপ্রধানের কী ভূমিকা ছিল, তা বেরিয়ে আসবে। যিনি অভিযোগটি তুলেছেন, তিনি শাসক দলের সভাপতিমণ্ডলীর সদস্য, নিহত রাষ্ট্রপতির ভাগনে। এটা হালকা করে দেখার বিষয় নয়।
পুনঃ তদন্ত চাওয়ার কারণ ব্যাখ্যা করে আসাদুজ্জামান আরও বলেন, ‘আমরা মনে করি, ১৫ আগস্টের ঘটনায় জড়িত অনেকে বিচারের আওতার বাইরে রয়েছেন। তাই সরকারকে বলব, নিজের ঘর থেকে আগে পুনঃ তদন্ত শুরু করুন।’
সংবাদ সম্মেলনে বলা হয়, পত্রপত্রিকায় এসেছে, ১৫ আগস্টের ঘটনার সঙ্গে রাজনৈতিক নেতারা যুক্ত ছিলেন। কোন কোন রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু হত্যায় ইন্ধন দিয়েছিলেন, তাঁদের চিহ্নিত করা উচিত। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শেখ আবদুল আজিজসহ বিভিন্নজনের বইয়ে বলা হয়েছে, ১৫ আগস্টের অভ্যুত্থানের বিষয়টি আওয়ামী লীগের অনেক মন্ত্রীকে জানানো হয়েছিল।
পুনঃ তদন্ত চাইলেও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৫ আগস্ট হত্যাকাণ্ডে কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেন বিএনপির মুখপাত্র। তিনি বলেন, তৎকালীন উপ-সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতে কোনো কমান্ড ছিল না।