বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল বাম সংগঠনগুলো: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাম সংগঠনগুলোর নেতা-কর্মীরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
গতকাল মঙ্গলবার রাজধানীর আজিমপুরে গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় হানিফ এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘জাসদ ও ন্যাপসহ যাঁরা বাম রাজনীতি করতেন, বাহাত্তর থেকে পঁচাত্তরে তাঁরা বঙ্গবন্ধু সরকারের বিরোধিতা করেছিলেন। কেন করেছিলেন, তাঁরাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তাঁদের ঔদ্ধত্য এমন পর্যায়ে ছিল যে একটা সরকারকে অস্থিতিশীল করার জন্য যা যা করণীয়, তাঁরা তা-ই করেছিলেন। আর তাঁরাই ওই সময় তৈরি করেছিলেন জাতির পিতাকে হত্যার প্রেক্ষাপট।’
মাহবুব উল আলম বলেন, ‘আজকে আমাদের নেতা শেখ সেলিমের বক্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপির বক্তব্যের সঙ্গে সুর মেলানোর যে অভিযোগ করা হচ্ছে, এটার কোনো যৌক্তিকতা নেই। যে যেখান থেকে দেখুক না কেন, ইতিহাস নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সরকারকে অস্থিতিশীল করার জন্য হাটবাজার লুটপাট, ডাকাতি, ব্যাংক ডাকাতি, সাধারণ মানুষকে হত্যা, আওয়ামী লীগ নেতাদের হত্যা, এমনকি ঈদের নামাজের জামাত শেষে আওয়ামী লীগের এমপিদের হত্যা পর্যন্ত করেন তাঁরা। এ সমস্ত বর্বরোচিত কর্মকাণ্ডের লক্ষ্য ছিল একটাই—বঙ্গবন্ধুর সরকারকে অস্থিতিশীল করা। সে কারণেই কিন্তু একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছিল।’
গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফারজানা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।