বঙ্গবন্ধু হত্যার বিচার হলেও সুষ্ঠু তদন্ত হয়নি: সফিউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে এম সফিউল্লাহ
কে এম সফিউল্লাহ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হলেও সুষ্ঠু তদন্ত হয়নি এবং তাঁকে হত্যার পেছনে কারা জড়িত, তা তদন্তে একটি কমিশন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ।
গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ আয়োজিত এক শোকসভায় এসব কথা বলেন সফিউল্লাহ। জেলা পরিষদ কার্যালয়ের প্রাঙ্গণে এ শোকসভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
শোকসভায় কে এম সফিউল্লাহ আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট আমি বঙ্গবন্ধুর সঙ্গে টেলিফোনে কথা বলার কিছুক্ষণ পরই তিনি নিহত হন। বঙ্গবন্ধুকে আমি রক্ষা করতে পারিনি—এই ব্যর্থতা নিয়েই আমি বেঁচে আছি।’ তিনি বলেন, ‘অনেকে বলেন, ব্রিগেডিয়ার জামিল বঙ্গবন্ধুকে বাঁচাতে যেতে পারলে আমি কেন গেলাম না। আমি সেদিন যদি একা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে যেতাম, তাহলে আমার পরিণতিও জামিলের মতো হতো। আমি সেদিন মারা গেলে, যাঁরা আজকে আমার সমালোচনা করছেন, তাঁরা খুশি হতেন।’
বঙ্গবন্ধু হত্যার পর খোন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের ভূমিকা খুবই রহস্যজনক ছিল বলে উল্লেখ করে মুক্তিযুদ্ধের অন্যতম এই সেক্টর কমান্ডার বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার সময় তৎকালীন সেনা গোয়েন্দা বিভাগ সেনাপ্রধানের নিয়ন্ত্রণে নয়, সরাসরি রাষ্ট্রপতির তত্ত্বাবধানে পরিচালিত হতো। বঙ্গবন্ধুকে হত্যার খবর জানার পরপর আমি ৪৬ ব্রিগেডকে মুভ করতে নির্দেশ দিয়েছিলাম। কিন্তু তারা ব্যর্থ হয়।’
সফিউল্লাহ আরও বলেন, ১৫ আগস্ট রাতে সেনাবাহিনীর আর্মড ও আর্টিলারি ব্যাটালিয়নের নৈশকালীন অনুশীলন ছিল। বঙ্গবন্ধুর ঘাতকেরা এই অনুশীলনের নাম করে ট্যাংক নিয়ে ধানমন্ডির পথে রওনা হয়। ফলে গোয়েন্দারাও কোনো সন্দেহ করেনি।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাইয়ের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া ও আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলী খোকন।