বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত মোশতাক ও জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অভিযোগের সঙ্গে একমত প্রকাশ করেছেন সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছেন বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া জড়িত। এর মধ্যে কোনো ভুল নেই। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে প্রথমে জড়িত মোশতাক, এর পর জিয়াউর রহমান।
গতকাল শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘স্বাধীনতার চার দশকে আমাদের প্রত্যাশিত প্রাপ্তি—অমার্জনীয় ব্যর্থতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকার ও আওয়ামী লীগের ভেতর বঙ্গবন্ধুর হত্যাকারীদের মতো ষড়যন্ত্রকারীদের অবস্থান আছে বলেও মন্তব্য করেন। সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ।
সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ঢাকা বিভাগ আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান, সাবেক সচিব (পররাষ্ট্র মন্ত্রণালয়) মহিউদ্দিন আহমেদ পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর খন্দকার মোশতাক আহমেদকে স্বাগত জানিয়ে আনোয়ার হোসেন মঞ্জুর দৈনিক ইত্তেফাক-এ লেখা উপসম্পাদকীয়-এর সমালোচনা করেন।
সেক্টরস কমান্ডারস ফোরামের আরেক ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব) আবু ওসমান চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পর সফিউল্লাহকে সেনাপ্রধান করা হয়। উপসেনাপ্রধানের পদ না থাকার পরও বঙ্গবন্ধুর একান্ত স্বজনদের সুপারিশেই জিয়াউর রহমানকে ওই পদে বসানো হয়। এভাবে বর্তমান সরকারের শাসনেও বিশিষ্ট লোকেরা এসেছেন। সরকারের প্রতিটি স্তরে জামায়াতের লোকেরা ঢুকে পড়েছেন।’