বঙ্গবন্ধুকে অস্বীকারকারীদের রাজনীতি বন্ধ করতে হবে: তথ্যমন্ত্রী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করে যাঁরা এ দেশে রাজনীতি করেন, তাঁদের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু ঘুমন্ত জাতিকে স্বাধীনতার মন্ত্র পাঠ করিয়ে দেশ স্বাধীন করেছিলেন। সেই বঙ্গবন্ধুকে অস্বীকার করে এ দেশে রাজনীতি করা হয়। এটা বন্ধ করতে হবে। তাঁদের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে।
আজ শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘ষড়যন্ত্র, চক্রান্ত ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধুকে শুধু গুটিকয়েক সেনা কর্মকর্তা বা সেনাসদস্য হত্যা করেননি। দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হত্যাকাণ্ড ঘটেছিল। দীর্ঘদিনের প্রস্তুতি ছিল। এ প্রস্তুতির কথা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে বরখাস্ত সেনা কর্মকর্তারা সেনানিবাসে গিয়ে টেনিস খেলতেন। তাঁরা কীভাবে সেনানিবাসে এলেন, এই প্রশ্ন করেছিলেন তৎকালীন সেনাপ্রধান কে এম সফিউল্লাহ। তখন তাঁকে (সফিউল্লাহ) বলা হয়েছিল, উপসেনাপ্রধান জিয়াউর রহমানের নির্দেশে তাঁরা এসেছেন।
জাতির স্বার্থে ষড়যন্ত্রকারী লোকজনের মুখোশ উন্মোচন করতে হবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তা না হলে ১০০-২০০ বছর পর যখন ইতিহাস রচিত হবে, তখন শুধু যাঁরা বিচারের আওতায় এসেছিলেন, তাঁদের নাম থাকবে। ষড়যন্ত্রকারীদের নাম আসবে না। সেটা হতে পারে না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর ইতিহাসের যে বিকৃতি হয়েছিল, তা এখনো দূর করা শেষ হয়নি। সুতরাং এ বিষয়ে কাজ না হলে ইতিহাস বিকৃতই থেকে যাবে। শুদ্ধভাবে ইতিহাসচর্চা সম্ভব হবে না।
আলোচনায় সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। এতে সাংবাদিক নেতাদের প্রায় সবাই কমিশন গঠন করে বঙ্গবন্ধুর খুনের পেছনে ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের খুঁজে বের করার দাবি জানান।
ফরিদা ইয়াসমিন বলেন, বড় চক্রান্ত-ষড়যন্ত্র ছাড়া বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা সম্ভব হতো না। বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃতি, বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। তবে এতেও সফলতা আসেনি।
সাংবাদিক নেতা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে শুধু ক্ষমতা গ্রহণই ঘাতকদের লক্ষ্য ছিল না। তাহলে তাঁরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করত। পরিবারের অন্য সদস্যদের হত্যা করত না। পাকিস্তানি কায়দায় পুনরায় দেশগঠনই ছিল মূল লক্ষ্য।
সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বঙ্গবন্ধুর দূরদর্শিতা সম্পর্কে বলেন, হত্যার শিকার হওয়ার পাঁচ দিন আগে বঙ্গবন্ধু চারটি গ্যাসক্ষেত্র জাতীয়করণ করেন। এতে তিনি ব্যয় করেন ১৭ কোটি টাকা। এসব গ্যাসক্ষেত্র থেকে সোয়া চার লাখ কোটি টাকার গ্যাস পাওয়া যায়। এটি বঙ্গবন্ধুর দূরদর্শী চিন্তার একটি উদাহরণ। তিনি বঙ্গবন্ধুর খুনের পেছনে কারা, তা জানতে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে সাক্ষীর বয়ান শোনার পরামর্শ দেন।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য ৩৪ বছর অপেক্ষা করতে হয়েছে। পেছনের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার জন্য আরও ১০ বছর অপেক্ষা করা যাবে না। এখনই কমিশন গঠন করতে হবে।
আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক সুভাষ চন্দ্র বাদল, সাংবাদিক নেতা ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম। আলোচনা সভা পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাবের সদস্য আইয়ুব ভূঁইয়া। সভার শুরুতে ১৫ আগস্টে নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।