বঙ্গবন্ধুকে ছোট করতে জিয়াকে পদক দেওয়া হয়: নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করার জন্যই তৎকালীন চারদলীয় জোট সরকার জিয়াউর রহমানকে ‘স্বাধীনতা পদক’ দেয়।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
নাসিম বলেন, ‘কীভাবে বঙ্গবন্ধু ও জিয়াকে এককাতারে দাঁড় করানো হলো। স্বাধীনতার পদক দিয়ে বঙ্গবন্ধুকে তুলনা করা হয়েছে একজন সেক্টর কমান্ডারের সঙ্গে।’ তিনি বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু নিজে জিয়াউর রহমানকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন। তাহলে বলেন, বঙ্গবন্ধু কীভাবে তাঁর অবদানকে অস্বীকার করলেন। কিন্তু আপনারা (বিএনপি) কি করলেন? বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াকে এককাতারে নিয়ে এলেন। বঙ্গবন্ধু যে জিয়াকে পুরস্কার দিলেন, সেই জিয়া পরে তাঁর সঙ্গে বেইমানি করলেন। বঙ্গবন্ধুর খুনিদের জিয়া তাঁর সরকারের সময়ে আশ্রয়-প্রশ্রয় দিলেন। বিভিন্ন দূতাবাসে চাকরির সুযোগ করে দিয়েছিলেন।
খালেদা জিয়া নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের সময় ২০০৩ সালে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। সেই পদক ও তার নথি সংরক্ষণ করা হয় জাতীয় জাদুঘরে।
সংগঠনের সভাপতি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান, কবি কাজী রোজী, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।