
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ১৫ আগস্ট জন্মদিন পালন না করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে আমরা কোনো তর্ক-বিতর্ক দেখতে চাই না। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। বিভাজন চাই না।’
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় সৈয়দ আশরাফ এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন না হলেও তিনি সেদিন জন্মদিন পালন করেন, কেক কাটেন। তাঁকে অনুরোধ করছি ১৫ আগস্ট জন্মদিন পালন না করে ১৬, ১৭ আগস্ট পালন করেন।’ তিনি বলেন, যারা বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করার জন্য হত্যা করেছিল, তারা সফল হয়নি।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর মনে করা হয়েছিল, এটা একটা পরিবারকে হত্যা করা। কিন্তু জাতীয় চার নেতাকে হত্যার পর এটা পরিষ্কার হয় যে এ হত্যাকাণ্ড দেশের স্বাধীনতা ও বাঙালি জাতিকে ধ্বংস করার পরিকল্পনা। তিনি বলেন, জিয়া এই দেশকে নব্য পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ১৫ আগস্ট কোনো ব্যক্তিবিশেষের হত্যাকাণ্ড নয়, এটা ছিল একাত্তরের পরাজিত শক্তির প্রতিশোধ।
ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকসহ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুর রাজ্জাক, আবদুস সোবহান, আশরাফুন্নেছা মোশাররফ, এম এ আজিজ, সাগুফতা ইয়াসমিন, ফজলে নূর তাপস।