বঙ্গবন্ধুকে যারা মুছতে চেয়েছিল, তারাই আজ আস্তাকুঁড়ে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফাইল ছবি

ইতিহাস থেকে যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিল, তারাই আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে হাসুমণি’র পাঠশালা আয়োজিত ‘জয় বাংলা আর্ট ক্যাম্প’ এবং ‘পিতার ভাবনায় সোনার বাংলা’ শীর্ষক চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

হাসুমণি’র পাঠশালার সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী ও চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ।

বাংলাদেশের উন্নয়ন ও অর্জনে যারা অপবাদ দেয়, তারা চোখে দেখে না বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়।

বাংলাদেশকে বিশ্বের বিস্ময় উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, এটা বিরোধীদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এরপর ওবায়দুল কাদের হাসুমণি’র পাঠশালার শিল্পীদের বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন। এর আগে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।